২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকার উচ্চতা জানলে চাকরি

ভারতে সরকারি চাকরিতে নিয়োগের এক পরীক্ষায় বলিউডের নায়িকাদের নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে, যা পুরো ভারতজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 04:57 PM

Updated : 25 Apr 2022, 04:28 PM

‘কোন নায়িকা সবচেয়ে দীর্ঘাঙ্গি?’— প্রশ্নপত্রে ছিল এমনই এক প্রশ্ন। উত্তর হিসেবে বেছে নিতে হবে ক্যাটরিনা কাইফ, হুমা কুরেশি, প্রিতি জিনটা এবং দিপিকা পাড়ুকোনের মধ্যে একজনকে। 

সরকারি চাকরি প্রার্থীরা পরীক্ষা দেওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। প্রশ্নকর্তাদের তরফ থেকে ক্ষমা চেয়েছে ভারতের কর্মচারী নির্বাচন কমিশন(এসএসসি)।

এ ঘটনার পর এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে জনসম্মুখে বিষয়টিকে ‘অশোভন’ এবং 'জঘন্য’ বলে অভিহিত করেন এসএসসির প্রধান এ ভট্টাচার্য।

তিনি বলেন, “এ ধরনের ঘটনা ঘটায় আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি আমাদের কর্মীদের উপর, সেই সঙ্গে সবার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, বিষয়টিকে ‘লিঙ্গ বৈষম্যমূলক’ বলে এসএসসির ব্যাপক সমালোচনা করেছে ভারতের কেরালার সরকারি নারী কমিশন। তারা জানতে চেয়েছে, যে পরীক্ষায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, সেখানে এ ধরনের প্রশ্ন কতখানি যুক্তিসঙ্গত।

প্রশ্নপত্রের আরেকটি অংশে পরীক্ষার্থীদের একটি বাক্যের সারমর্ম বের করতে দেওয়া হয়। বাক্যটি ছিল, “সব নারীরা বিড়ালের মতো, আর সব বিড়াল ইঁদুরের মতো।”

তবে এই প্রশ্নপত্র তৈরির সঙ্গে এসএসসির কোন সম্পর্ক নেই বলে দাবী করেন ভট্টাচার্য। তিনি জানান, আঞ্চলিক পর্যায়ে প্রথমে প্রশ্ন তৈরি করেন শিক্ষকেরা, এরপর সেগুলো থেকে বাছাই করে মূল প্রশ্ন তৈরি করে শিক্ষকদের এক বিশেষ কমিটি।

বাংলাদেশে অনুষ্ঠিত সরকারি বিসিএস পরীক্ষার মত করেই নেওয়া হয় এই পরীক্ষাটি, যেখানে সাধারণ জ্ঞান এবং নিজের দেশের সমসাময়িক ঘটনার ওপর প্রশ্ন করার নিয়ম আছে।