ঈদেই বাপ্পার অ্যালবাম
বাপ্পা মজুমদারের দশম একক অ্যালবাম ‘জানি না কোন মন্তরে’ আসছে এ মাসেই। সঞ্জীব চৌধুরীর কবিতার পঙক্তি নিয়ে তৈরি একটি গান থাকছে এ অ্যালবামে।
‘তোমার বাড়িতে কে/তা জানে না/না বাতাস না কাকপক্ষী/পিচঢালা কর্কট ক্রান্তির ছায়া/না নিদমহল/জানে শুধু আমার ভ্রমণ’— এ কথায় ‘আমার ভ্রমণ’ শিরোনামের এ গানটি সঞ্জীবের কবিতারই সুরময় সংস্করণ।
কবিতাটির সংগ্রাহক দলছুট ব্যান্ডের ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ জানান, সঞ্জীব চৌধুরীর লেখা কবিতার একটি পাণ্ডুলিপি রয়েছে তার কাছে। সেখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে।
এছাড়া অ্যালবামটির জন্য তৃতীয়বারের মতো গীতিকবিতা লিখেছেন বাপ্পা। ‘কী করি’ শিরোনামে গানটির কথা — ‘ছেড়ে যাব নাকি ধরে রাখব/কী করি বলে দাও না’।
‘দিন বাড়ি যায়’ অ্যালবামের জন্য ‘লক্ষ্মী সোনা চাঁদের কণা’ ও ‘বেঁচে থাক সবুজ’ আলবামের জন্য ‘ঘুম আসে না’ শিরোনামে গান লিখেছেন এর আগে।
আরও গান লিখেছেন রাসেল ও’নীল, রানা, শাহান কবন্ধ, মাস মাসুম, নিয়াজ আহমেদ অংশু, জয় শাহরিয়ার। অ্যালবামের মোট বারোটি ট্র্যাকের মধ্যে থাকছে একটি ইন্সট্রুমেন্টাল।
দুবছর পর একক অ্যালবাম বের করছেন বাপ্পা। ২০১২ সালে প্রকাশিত হয় 'বেচে থাক সবুজ'।
বছরের শুরুতে বাপ্পা জানান, ‘বেস্ট অফ বাপ্পা’ নামে বেশ বড় আকারের অ্যালবাম করবেন। কিন্তু পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
দুমাস আগে শাহান কবন্ধ গ্লিটজকে জানান, ব্যানার ঠিক হলে যে কোনো সময়ে বাপ্পার একক অ্যালবাম প্রকাশিত হতে পারে। এরপর শুরু হবে ব্যান্ডের অ্যালবামের কাজ।
‘জানি না কোন মন্তরে’ ১৬ জুলাই প্রকাশিত হচ্ছে জিরোনা বাংলাদেশের ব্যানারে। অ্যালবামটি একই সঙ্গে ঢাকা ও কলকাতায় পাওয়া যাবে।
পাশাপাশি অগ্রীম অর্ডার করলে সিডি, স্টিকার ও বাপ্পার জীবনের ১০টি গুরুত্বপূর্ণ ঘটনার ছবিসহ বিবরণ নিয়ে তৈরি বুকলেট পাবেন। একদম সীমিত আকারে বিশেষ অর্ডারে পাবেন অ্যালবাম, স্টিকার, বুকলেটসহ টি-শার্ট, মগ, পোস্টার। যার প্রত্যেকটিতে থাকছে বাপ্পা মজুমদারের ছবি ও স্বাক্ষর।
এছাড়া ইটিউনস ডটকম ডটবিডি অ্যালবাম প্রকাশ উপলক্ষে বাপ্পা মজুমদার ও দলছুট সম্পর্কে অনলাইন কুইজের আয়োজনও করেছে।
