‘আমাকে কেউ চান্স দেয়না’
শিল্পী হিসেবে প্রশিক্ষণ নেই, কিন্তু এ সময়ের অভিনেত্রীরা অনেকেই নিজেদের সিনেমায় দিব্যি গান গাইছেন। তবে সে দৌড়ে এখনও পিছিয়ে আছেন পারিনিতি চোপড়া। জানালেন, কেউ তাকে গান গাওয়ার সুযোগ দেয় না।
সম্প্রতি নতুন সিনেমা ‘দাওয়াত-এ–ইশক’-এর এক প্রচারণা অনুষ্ঠানে গান গাইবেন কি না-- এমন প্রশ্নের জবাবে পারিনিতি বলেন, কেউ তাকে সিনেমায় গান গাওয়ার সুযোগই দেয়নি।
“আমাকে কেউ আমার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেয় না। তবে একদিন আমি গাইব।”
এখনও প্লেব্যাক না করলেও ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর সংগীত প্রতিভার কথা ভক্তদের কাছে অজানা নয়। ২০১২ সালে তার সিনেমা ‘ইশাকজাদে’ মুক্তির আগে সিনেমাটির একটি গান ‘ম্যায় পারেশান’-এর কয়েকটি লাইন গেয়ে শোনান তিনি।
পারিনিতির কণ্ঠে গাওয়া সেই গান ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করেছিল ইয়াশ রাজ ফিল্মস। আর তখন থেকেই সুকণ্ঠী হিসেবে পরিচিতি পান।
‘দাওয়াত-এ-ইশক’ এর ট্রেইলার মুক্তির অনুষ্ঠানেও সহশিল্পী আদিত্য রয় কাপুরের সঙ্গে গলা মিলিয়েছেন পারিনিতি। উপস্থিত ভক্তদের প্রশংসাও জুটেছে সেদিন।
‘হাইওয়ে’ ও ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’ সিনেমায় প্লেব্যাক করেছেন আলিয়া ভাট। ‘এক ভিলেইন’ এ গান গেয়েছেন শ্রদ্ধা কাপুর। পারিনিতির বড় বোন প্রিয়াঙ্কা চোপড়া, আন্তর্জাতিক বাজারে পপশিল্পীর খেতাব জুটিয়ে ফেলেছেন।
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে কমেডি ড্রামা ধাঁচের সিনেমা ‘দাওয়াত-এ-ইশক’ মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর।
