২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে আসছে ‘ইতি পত্রমিতা’

দীর্ঘ প্রায় ৪০ বছর পর ঢাকা থিয়েটার আবারও সেলিম আল দীনের হাস্যরসাত্মক নাটক নিয়ে কাজ করছে। এবার তারা মঞ্চস্থ করবে ‘ইতি পত্রমিতা’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 06:04 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

নাটকটির মঞ্চরূপ ও নির্দেশনা দিচ্ছেন রুবাইয়াৎ আহমেদ। ঢাকা থিয়েটারের হয়ে এটি রুবাইয়াৎ। এর প্রথম নির্দেশনা। এর আগে তিনি ‘নষ্টনীড়’, ‘জীয়ন্তকাল’, ‘দ্য টেমপেস্ট’, ‘আউটসাইডার’ নাটকগুলোর নাট্যরূপ দিয়েছেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রফিকুল ইসলাম, সুমন ইব্রাহিম, হাসনাত মিথুন, জয়শ্রী মজুমদার লতা, ফাহমিদা কামাল রিপা, সালাউদ্দীন আধার, রজব আলী ও প্রশান্ত মোদক।

নাটকটির সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন অনিক ইসলাম।

রুবাইয়াৎ আহমেদ গ্লিটজকে বলেন, “সেলিম আল দীনের মধ্যে অসামান্য রসবোধ ছিল। নির্দেশনার দায়িত্ব পাওয়ার পর আমার মনে হল, তার এই রসবোধের নমুনা হিসেবে কমেডি নাটককে বেছে নেওয়া যেতে পারে। কিন্তু ‘মুনতাসীর’ ছাড়া তিনি কমেডি ধারায় আর কোন মঞ্চনাটক লেখেননি। আর তখনই তার লেখা হাস্যরসাত্মক টেলিভিশন নাটকগুলোর কথা স্মরণে আসে। সামান্য ভুল থেকে নির্মল হাস্যরসের উদ্ভব হয় তার নাটকে। আমি সিদ্ধান্ত নেই তার নিউ কমেডি অব এররস ধারায় লেখা ‘ইতি পত্রমিতা’ মঞ্চে নিয়ে আসার।”

“এই নাটক থেকে দর্শকেরা সেলিম আল দীনকে আবারও নতুন করে আবিষ্কার করবেন। উপলব্ধি করবেন তুচ্ছ একটি বিষয়ও শক্তিমান লেখকের হাতে কীভাবে উপভোগ্য হয়ে ওঠে।”

রুবাইয়াৎ জানান, মঞ্চে নাটকটি উপস্থাপনের ক্ষেত্রে তিনি বাংলার ঐতিহ্যবাহী সঙপালা ও ইউরোপীয় কমেডিয়া দেল আর্ত্রের মিশ্রণ ঘটিয়েছেন।

এর আগে ঢাকা থিয়েটার ১৯৭৫ সালে সেলিম আল দীনের মিউজিক্যাল কমেডি ‘মুনতাসীর’ মঞ্চায়ন করেন।

বর্তমানে নাটকটির মহড়া চলছে পুরোদমে। চলতি মাসেই নাটকটির কারিগরি মঞ্চায়নের কথা রয়েছে বলে জানান রুবাইয়াৎ।