২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিতির উপর চড়াও হয় নেস’

কথা কাটাকাটি দিয়ে শুরু হয়েছিল, এরপর চলে টানাহেঁচড়া। ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী দানিশ মার্চেন্টের সাক্ষ্য অনুযায়ী বাধা দিয়েও প্রিতি জিনটার উপর চড়াও হওয়া থেকে থামানো যায়নি নেস ওয়াদিয়াকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:53 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

২৭ সেপ্টেম্বর অভিনেত্রী প্রিতি জিনটা এবং তার সাবেক প্রেমিক ব্যবসায়ী নেস ওয়াদিয়ার বন্ধু দানিশের সাক্ষ্য নিয়েছে পুলিশ।

৩০ মে আইপিএলের মাঠে ঘটে যাওয়া পুরো ঘটনার প্রধান সাক্ষী হিসেবে যাদের নাম উল্লেখ করেছেন প্রিতি, তাদের মধ্যে একজন দানিশ। এছাড়া রয়েছেন জিন যিনি একজন অস্ট্রেলীয় ক্রিকেটারের আত্মীয়। জিন সেদিন গ্যালারিতে প্রিতির পাশে বসে খেলা দেখছিলেন।

ভারতীয় গণমাধ্যম হেডলাইনস টুডেকে দানিশ জানান, প্রিতির সঙ্গে নেসের কথা কাটাকাটি এক পর্যায়ে মাত্রা ছাড়িয়ে যায়। আর তখন নেসকে বাধা দেন জিন।

দানিশ বলেন, “আমি নেস এবং প্রিতি দুজনকেই ভালোমতো চিনি। সেদিন আমি প্রিতির দুই সিট পরে বসে খেলা দেখছিলাম। আমি দেখলাম প্রিতির কাছে আসল নেস আর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হল। এক পর্যায়ে নেস প্রিতির হাত চেপে ধরল এবং টানাহেঁচড়া শুরু করে। পরে প্রিতি আমাকে দেখিয়েছে টানাহেঁচড়ার ফলে তার হাতে দাগ পড়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা কেউই জানতাম না যে নেসের মা আসন না পেয়ে দাঁড়িয়ে আছেন। আমরা জানতে পারলে অবশ্যই তাকে আসনের ব্যবস্থা করে দিতাম।”

প্রিতির মামলায় অন্যতম সাক্ষী জিন এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। এছাড়া আরও ৪ জনের সাক্ষ্য নেওয়া হবে। মোট ১৪ জন সাক্ষীর নাম উল্লেখ করেছিলেন প্রিতি।

দায়িত্বরত এক পুলিশ বলেন, “আমরা চাচ্ছিলাম এমন কারও সাক্ষ্য গ্রহণ করতে, যিনি প্রিতির বন্ধু কিংবা দেহরক্ষী নন। কিন্তু প্রিতির বিবৃতি অনুযায়ী দানিশ পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছেন।”

৩০ মে আইপিএল এর চূড়ান্ত ম্যাচের দিন ঘটেছিল এই ঘটনা। গ্যালারিতে নির্দিষ্ট সংখ্যক আসন থাকা সত্ত্বেও সেদিন দাঁড়িয়ে থাকতে হয় কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়ার মাকে। আর এ কারণে ক্ষুব্ধ হয়ে দলটির আরেক মালিক প্রিতির উপর চড়াও হন নেস।

ঝগড়া থেকে গালিগালাজ, টানাহেঁচড়া এমনকি প্রিতির চরিত্র নিয়েও নেস প্রশ্ন তোলেন বলে প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন।

তবে মামলা করার পর এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন অভিযুক্ত নেস ওয়াদিয়া। এ বিষয়ে পুলিশ বলছে, সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তারা।