২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভিডিতে একাত্তর টিভির আট তথ্যচিত্র

একাত্তর টেলিভিশন প্রযোজিত আটটি তথ্যচিত্র ডিভিডি আকারে প্রকাশ করা হয়েছে। এগুলো হলো - ‘পতাকা’, ‘বাংলা নামে দেশ’, ‘হরতালনামা’, ‘শহরকাব্য’, ‘বিষকাব্য’, ‘টোকাই-২০১২’, ‘৩৬.২৪.৩৬’, এবং ‘হেফাজতনামা’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 10:58 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

‘শহরকাব্য’ ও ‘বিষকাব্য’ পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী, ‘পতাকা’ এবং ‘৩৬.২৪.৩৬’ ব্রাত্য আমিন, ‘বাংলা নামে দেশ’ পলাশ রসুল, ‘হরতালনামা’ ফরিদ আহমেদ, ‘টোকাই-২০১২’ তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালনা করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ, ডিভিডির প্রকাশনা সংস্থা লেজার ভিশনের কর্ণধার এ.কে. এম. আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন ৭১ টিভির প্রধান নির্বাহী সামিয়া জামান। 

স্বাগত বক্তব্যে সামিয়া জামান বলেন, “একাত্তর টেলিভিশনের যাত্রা শুরুর পর আমরা প্রামাণ্যচিত্র নিয়ে ভাবতে শুরু করি। প্রামাণ্যচিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমরা বাংলাদেশকে উপস্থাপন করতে চাই।” 

গ্লিটজকে এ বিষয়ে সামিয়া আগে বলেছিলেন, “বাংলাদেশের চ্যানেলগুলোতে এ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরিই হয়েছে খুব কম। একাত্তর টেলিভিশন এক্ষেত্রে ব্যাতিক্রম। ২০১২ সাল থেকেই সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তথ্যচিত্র বানিয়ে আসছি আমরা। ”

“আন্তর্জাতিক অঙ্গনে আমাদের তথ্যচিত্র বরাবরই প্রশংসিত হয়ে এসেছে। অথচ দেশের বাজারে এগুলো এতদিন প্রকাশ পায়নি। কেউ যদি তথ্যচিত্রে আগ্রহী হয়ে থাকেন, তাদের জন্য এতদিন এমন কোনো ব্যাবস্থা ছিল না, যেখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। সেদিক থেকে বলতে গেলে, নিঃসন্দেহেই দারুণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে এটি।”

চ্যানেলটির ইনফোটেইনমেন্ট বিভাগের প্রধান এবং প্রোগ্রাম এডিটর শবনম ফেরদৌসি জানান, সাবটাইটেলের কাজ শেষ হলে ভবিষ্যতে আরও তথ্যচিত্র ডিভিডিতে আনার পরিকল্পনা রয়েছে তাদের।  

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে তৈরি তথ্যচিত্রের কদর রয়েছে জানিয়ে শবনম বলেন, “আন্তর্জাতিক উৎসবগুলোতে কয়েক দফা করে আমাদের তথ্যচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে নিয়মিত। সর্বশেষ নেপালে ফিল্ম সাউথ এশিয়া ফেস্টিভালে ‘হরতালনামা’ প্রদর্শিত হয়েছে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ঐতিহ্যবহী এই উৎসবে জায়গা পাওয়াটাই খুব কঠিন। সেখানে ‘হরতালনামা’ প্রদর্শনের জন্য রীতিমতো আমন্ত্রিত হয়েছিলাম আমরা।”

তিনি আরও বলেন, “২০১২ সাল থেকে এ পর্যন্ত ৩০ টারও বেশি তথ্যচিত্র নির্মাণ করেছি আমরা। সাবটাইটেলের কাজ শেষ হলে এর সবগুলোই ডিভিডিতে আনার পরিকল্পনা আছে আমাদের।”

২০১৩ সালে ‘বিষকাব্য’ ও ‘হরতালনামা’ নেপালে সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। নেপালেই অনুষ্ঠিত নেপাল হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘বাংলা নামে দেশ’। এছাড়া ২০১৩ সালে ‘টোকাই-২০১২’ মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

২০ থেকে ২৫ মিনিট  দৈর্ঘ্যের এসব তথ্যচিত্র বাজারে আনছে লেজার ভিশন।