বলিউডের বিশ্বকাপ
ক্রিকেটপাগল ভারতীয়রা আইপিএলের পাট চুকিয়ে এবার নজর দিয়েছে ফুটবল বিশ্বকাপের দিকে। ইতোমধ্যেই প্রিয় দলের সমর্থনে ভাগ হয়ে গেছে হিন্দি বিনোদনজগত।
শুটিংয়ের ফাঁকে খেলা দেখার সুযোগ করে নেবেন সবাই, এমনটাই পরিকল্পনা এখন ব্যস্ত বলিউড তারকাদের। কেউ দেখবেন বন্ধুদের সঙ্গে, কেউ-বা ঘরে বসে। এমনই কয়েকজন তারকা তাদের বিশ্বকাপ পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতীয় দৈনিক মিড ডেকে।
টাইগার শ্রফ
জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ বাড়িতে বসে বাবার সঙ্গেই উপভোগ করতে চান বেশিরভাগ ম্যাচ। তিনি চান স্পেন অথবা আর্জেন্টিনা ঘরে তুলুক বিশ্বকাপ। প্রিয় খেলোয়াড় কে? এই প্রশ্নের জবাবে এক বাক্যে বললেন, “অবশ্যই মেসি, আর কে!”
জানালেন বিশ্বকাপের স্মরণীয় স্মৃতির কথা, “২০১০ সালে যখন স্পেন বিশ্বকাপ জেতে, ঐ মুহূর্ত ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের। দলের বেশিভাগ খেলোয়াড়ই ছিল বার্সেলোনা ক্লাবের, মনে হচ্চিল যেন বার্সেলোনাই জিতেছে।”
প্রাচি দেসাই
‘এক ভিলেইন’ সিনেমার ‘আওয়ারি’ প্রাচি দেসাই বড় দলগুলোর কয়েকটি ম্যাচ দেখবেন বন্ধুদের সঙ্গে, কোনো ক্লাব কিংবা ক্যাফেতে গিয়ে। বাকিগুলো সুযোগ পেলে বাড়িতে বসেই দেখার পরিকল্পনা তার। ব্রাজিলকে ভালো দল বললেও সমর্থন করছেন আর্জেন্টিনাকে। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি।
বিপাশা বসু
বিপাশা বসু জানালেন, কখনও বিশ্বকাপের খেলা দেখা বাদ দেন না তিনি। এ বছরও সবগুলো ম্যাচ নিজের বাড়িতে বসে কিংবা বন্ধুদের সঙ্গে দেখার পরিকল্পনা করছেন। তার প্রিয় দলের তালিকায় আছে স্পেন এবং আর্জেন্টিনা।
আরশাদ ওয়ার্সি
বিশ্বকাপের সময়টাতে ‘গুড্ডু রাঙ্গিলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন আরশাদ ওয়ার্সি। তাই হয়ত হাতেগোনা কয়েকটি ম্যাচ দেখারই সুযোগ হবে তার।
তবে শিডিউল বদলে খেলা দেখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ‘ধান ধানা ধান গোল’ সিনেমার এই গোলকিপার। সেটে তার মত ফুটবলপ্রেমীদের সঙ্গে নিয়েই খেলা দেখবেন তিনি।
নিজেকে কোচ লুইস ভ্যান গালের অনেক বড় একজন ভক্ত দাবি করে বললেন, বিশ্বকাপে তার দল নেদারল্যান্ডস। তবে প্রিয় খেলোয়াড় ব্রিটিশ ওয়েইন রুনি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ গোলকেই অভিহীত করলেন বিশ্বকাপে তার সবচেয়ে স্মরণীয় স্মৃতি হিসেবে।
রোহান সিপ্পি
পরিচালক রোহান সিপ্পি বাড়িতেই বন্ধুদের সঙ্গে খেলা দেখবেন। এমনকি যেসব খেলা অনেক রাতে দেখাবে সেগুলো রেকর্ড করে রাখবেন পরে দেখার জন্য।
লিভারপুলের এই ভক্ত ইংল্যান্ডকে সমর্থন করেন। তার ধারণা তাদের জেতার ভালো সম্ভাবনা আছে। সিপ্পির প্রিয় খেলোয়াড় লুইস সুয়ারেজ। আর এখনও মনে পড়ে ৮৬’র বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ম্যারাডোনার খেলা।
মনিশ পল
টিভি উপস্থাপক মনিশ পল বললেন কাজ নিয়ে ব্যস্ত থাকায় টিভি আর ইন্টারনেটের মাধ্যমে কয়েকটি ম্যাচ দেখার চেষ্টা করবেন। ‘মিকি ভাইরাস’-খ্যাত এই তারকা সমর্থন করছেন ব্রাজিলকে। তার প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে রোনালদিনহোর ফ্রি কিক এখনও ভুলতে পারেন না তিনি।
জন আব্রাহাম
বাইকের মতো ফুটবলের প্রতিও জন আব্রাহামের রয়েছে অন্যরকম ভালোবাসা। একসময় স্বপ্ন দেখতেন বিশ্বকাপের মাঠে ফুটবল খেলার।
২০১০ সালে বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকাও পাড়ি দিয়েছিলেন ‘ধান ধানা ধান গোল’-খ্যাত এই অভিনেতা।
তবে এ বছর ‘রকি হ্যান্ডসাম’ সিনেমার শুটিংয়ের কাজে হায়দ্রাবাদে থাকবেন জন। কিন্তু কাজের ফাঁকেও থেমে থাকবে না তার ফুটবল উন্মাদনা। তারকা খেলোয়াড় পিটার ক্রচ, রবি ফোলার, পিটার শিল্টনের মতো আরও অনেক ফুটবল মহারথীর সঙ্গে মিলে প্রতিটি ম্যাচ শেষে বসবেন সনি সিক্স চ্যানেলের অনুষ্ঠানে বসবেন আলোচনায়।
এ বিষয়ে জন বলেন, “আমার মনে হয় না এ বছর আমি ব্রাজিল যেতে পারব। আমি কিছু করতেও পারছি না। কারণ এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি আমি নিজে।”
