২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নাট্যোৎসবে ‘কঞ্জুস’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হতে যাওয়া আমেরিকান অ্যাসোসিয়েশন অব কমিউনিটি থিয়েটার (এএসিটি) ওয়ার্ল্ড ফেস্টে আমন্ত্রিত হয়েছে লোকনাট্যদলের নাটক ‘কঞ্জুস’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:08 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইতালি, আর্জেন্টিনা, কানাডা, চীন, রাশিয়াসহ ১৭টি দেশ এ উৎসবে অংশ নেবে। 

লোকনাট্যদলের তরফ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে নাটকটির ৬৪৬ এবং ৬৪৭তম প্রদর্শনী হবে। ১৬ জুন থেকে শুরু হওয়া এ উৎসবে ‘কঞ্জুস’ মঞ্চস্থ হবে ১৭ এবং ১৮ জুন। 

লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ‘কঞ্জুস’ নাটকে অভিনয়ে আছেন ইয়াসমীন আলী, জিয়াউদ্দিন শিপন, স্বদেশ রঞ্জন দাশগুপ্ত, সূচিতা শবনম, আজিজুর রহমান সুজন, খাদিজা মুস্তারী মাহিনসহ ১১ জন। 

ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ নাটকটি বাংলায় রূপান্তর করেন নাট্যকার তারিক আনাম খান। 

একজন কৃপণ ব্যক্তির সংসারের নানা কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। 

১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে নাট্যদল নামে একটি থিয়েটার কামাল উদ্দিন নিলুর নির্দেশনায় প্রথম মঞ্চে আনে ‘কঞ্জুস’। আনুষঙ্গিক নানা সমস্যায় নাট্যদল নাটকটি পরে আর মঞ্চে আনতে পারেনি। পরে লিয়াকত আলী লাকী নতুনভাবে নাটকটি নির্দেশনা দেন।

বাংলাদেশে সবচেয়ে বেশি মঞ্চস্থ হওয়া ‘কঞ্জুস’ নাটকটি ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি ৬০০তম বারের মতো মঞ্চস্থ হয়। এছাড়া সে বছর অগাস্টে ফ্রান্সের মোনাকোতে ইন্টারন্যাশনাল অ্যামেইচার থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে মঞ্চস্থ হয়েছে নাটকটি। এছাড়াও ইংল্যান্ড, ভারতের নানা আন্তর্জাতিক উৎসবে মঞ্চস্থ হয়েছে।