রূপালি পর্দায় বৃষ্টি
রূপালি পর্দায় বৃষ্টির দৃশ্য কখনও রোমান্টিক আবহ তৈরি করেছে, কখনও এসেছে যৌনতার প্রতীক হিসেবে আবার কখনও বহন করেছে আসন্ন অশুভের সংকেত। হলিউড, বলিউড এবং বাংলা সিনেমায় বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে এক অনন্য রূপক।
ছবি (পথের পাঁচালী)
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমায় অপু-দুর্গার সেই বৃষ্টির দৃশ্যটির কথা ভাবুন। প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যে দুই ভাইবোন যেন এই বাংলার চিরন্তন প্রকৃতিই সন্তান। বৃষ্টির এই দৃশ্যটি কিন্তু কৃত্রিম নয়। দৃশ্যটি ধারণের জন্য সত্যজিৎ রায়কে বেশ কদিন অপেক্ষা করতে হয়েছে অঝোর বর্ষণের।
হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ সিনেমায় বৃষ্টি এসেছে যেন প্রকৃতির শোকের প্রকাশ হয়ে। যখন গণহত্যার শিকার বাঙালিদের মৃতদেহের উপর অঝোর ধারায় বৃষ্টি পড়ে।
ছবি (জুরাসিক পার্ক)
স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ সিনেমায় ভয়ংকর ডাইনোসরের আবির্ভাবের সঙ্গে ঝড়-জল-বৃষ্টি যেন এর ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়।
ইয়াশ চোপড়ার ‘মশাল’ সিনেমায় প্রবল বৃষ্টির রাতে দীলিপ কুমার তার মৃত্যুপথযাত্রী স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন পান না। এখানে বৃষ্টি যেন বিপদ ও অসহায়ত্বের প্রতীক।
ছবি (নিমাক হালাল )
বলিউডে ও বাংলা সিনেমায় অনেক ক্ষেত্রে বৃষ্টি ব্যবহৃত হয়েছে যৌনতার অনুষঙ্গ হিসেবে। প্রায় প্রতিটি বাণিজ্যিক ছবিতেই বৃষ্টির মধ্যে একটি গানের দৃশ্য থাকে। বৃষ্টির মধ্যে গানের দৃশ্য চিত্রায়নের মূল উদ্দেশ্য থাকে নায়ক ও নায়িকার বৃষ্টিভেজা শরীর প্রদর্শন। এ জন্য বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডিওর অভ্যন্তরে কৃত্রিম বৃষ্টি ব্যবহার করা হয়। যদিও এমনি কয়েকটি বৃষ্টির গান ও দৃশ্য ক্ল্যাসিকের পর্যায়ে পৌঁছেছে। যেমন, ‘নিমক হালাল’ সিনেমায় ‘আজ রাপাট যায়ে’ গানের দৃশ্যে অমিতাভ বচ্চন ও স্মিতা পাতিলের অনন্য অভিব্যক্তি। ‘চালবাজ’ সিনেমায় বৃষ্টিভেজা গানে শ্রীদেবীর কৌতুক এবং ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় ‘এক লাড়কি হ্যায়’ গানের সঙ্গে মাধুরীর অসাধারণ নাচ।
ছবি (দিল তো পাগল হ্যায়/স্পাইডার-ম্যান)
রোমান্টিক আবহ সৃষ্টিতে বৃষ্টির জুড়ি নেই। এ প্রসঙ্গে মনে পড়বেই ২০০২ সালে স্যাম রেইমির ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় বৃষ্টির মধ্যে ঝুলন্ত স্পাইডার-ম্যানকে (টবি ম্যাগুয়ের) মেরি জেনের (ক্রিস্টেন ডানস্ট) চুম্বনের দৃশ্য। একই রকম রোমান্টিক ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় আমির খান ও কারিশমা কাপুরের বৃষ্টিভেজা চুম্বন। ‘শ্রী ৪২০’ ছবিতে বৃষ্টিভেজা রাজপথে নার্গিস ও রাজকাপুরের হেঁটে চলার দৃশ্য এবং সেই সঙ্গে ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গান তো হিন্দি সিনেমার ক্ল্যাসিক।
১৯৫২ সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল ‘সিংগিং ইন দ্য রেইন’-এ বৃষ্টির মধ্যে অভিনেতা জিন কেলির নাচ ও গানের দৃশ্যটিও ক্ল্যাসিকে পরিণত হয়েছে এর রোমান্টিকতা ও স্বতঃস্ফূর্ততায়। এক তরুণ ভালোবাসায় এতই আত্মহারা যে বৃষ্টির মধ্যেও তার ছাতার প্রয়োজন নেই। এই দৃশ্যটি ধারণের সময় জিন কেলি অসুস্থ ছিলেন। কিন্তু অভিনয়ে সে অসুস্থতার কোনো ছাপ পড়েনি।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘নোটবুক’ সিনেমায় লেকের তীরে রাজহাঁসের খেলা, হঠাৎ বৃষ্টি এবং নায়ক নায়িকার আলিঙ্গনের দৃশ্যটিও ভীষণ রোমান্টিক।
ছবি (মধুবালা)
‘বারসাত কি রাত’ একটি ক্ল্যাসিক হিন্দি সিনেমা। এখানেও বৃষ্টি রোমান্টিক আবহ সৃষ্টি করেছে অসাধারণভাবে। পি এল সান্তোষির এই সিনেমায় বৃষ্টিমুখর এক রাতে নায়ক ভারত ভূষণের সঙ্গে দেখা হয় নায়িকা মধুবালার। ভারত ভূষণ যেন সারাজীবন সেই বৃষ্টি আর ভালোবাসায় আপ্লুত থাকে। একইভাবে ‘চালতি কা নাম গাড়ি’ সিনেমায় বৃষ্টিমুখর রাতে নায়ক কিশোর কুমারের জীবনে আসে বৃষ্টিস্নাত মধুবালা। এই ফিল্মের ‘এক লাড়কি ভাগি ভাগি সি’ হিন্দি রোমান্টিক বৃষ্টির গানগুলোর মধ্যে অন্যতম। চামেলি সিনেমাতেও নায়িকা কারিনা কাপুরের সঙ্গে নায়ক রাহুল বোসের দেখা হয় এক বৃষ্টিমুখর রাতে। যা দুজনের মনেই সমাজ ও সংস্কারের অতীত এক অনুভূতির সৃষ্টি করে।
ছবি (চামেলি/হঠাৎ বৃষ্টি)
১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে নায়ক অজিত চৌধুরীর (ফেরদৌস) সঙ্গে নায়িকা দীপা নন্দীর (প্রিয়াংকা ত্রিবেদী) দেখা হওয়ার বিষয়টি ঘটে প্রবল বর্ষণের মধ্যে সিনেমার ক্লাইমেক্সে। পুরো সিনেমাটিই অবশ্য বৃষ্টিমুখর। বৃষ্টির চমৎকার কিছু দৃশ্য ধারণ করা হয়েছে এখানে।
ঋতুপর্ণ ঘোষের ‘রেইনকোট’ সিনেমাতেও সিনেমা জুড়েই বৃষ্টির দৃশ্য। নায়িকা ঐশ্বরিয়া রাই ও নায়ক অজয় দেবগনের অতীতের স্মৃতিচারণে বোঝা যায় তাদের অতীত প্রেমের সময়টা আনন্দময় হলেও বর্তমান জীবন শ্রাবণধারার মতোই বেদনাময়। বৃষ্টি এখানে বেদনার প্রতীক।
ছবি (তাল)
সুভাষ ঘাইয়ের ‘তাল’ সিনেমায় অঝোর বর্ষণ, সবুজ শৈলশ্রেণি, ঐশ্বরিয়া রাইয়ের বৃষ্টিস্নাত রূপ আর এ আর রেহমানের সুর ‘তাল সে তাল মিলা’ যেন সত্যিই একটির সঙ্গে অন্যটি এক অনন্য ঐক্যতানের সৃষ্টি করে। পুরো সিনেমার সবচেয়ে রোমান্টিক এই দৃশ্য।
‘বসুন্ধরা’ সিনেমায় ববিতার বৃষ্টিস্নানের দৃশ্যও রোমান্টিক ও অনাবিল অনুভূতি সৃষ্টি করে দর্শকের মনে।
রাজ কাপুরের ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার ক্লাইমেক্সে প্রবল বৃষ্টির ভিতর নায়কের (শশী কাপুর) নিজের প্রকৃত ভালোবাসার জন রূপাকে (জিনাত আমান) খুঁজে পাওয়ার দৃশ্যটি মেলো ড্রামাটিক হলেও এর দৃশ্যায়ন অসাধারণ।
চলচ্চিত্রে বৃষ্টির প্রসঙ্গ এলে সত্তর দশকে মুক্তিপ্রাপ্ত ঢাকার সফল বাণিজ্যিক ছবি ‘দ্য রেইন-যখন বৃষ্টি এল’(১৯৭৬) এর কথা বলতেই হয়। এসএম শফি পরিচালিত অলিভিয়া-ওয়াসিম অভিনীত প্রেমের ছবিটিতে রোমান্টিক আবহ সৃষ্টি করেছে বৃষ্টি। এই ছবিতে রুনা লায়লার কণ্ঠে ‘আয়রে মেঘ আয়রে’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
ছবি (সেভেন সামুরাই)
আবার বৃষ্টি অনেক সময় দুর্যোগ ও বিপদের মেটাফোর হিসেবে ব্যবহার হয়েছে। যেমন আকিরা কুরোসাওয়ার ক্ল্যাসিক ‘সেভেন সামুরাই’তে চরম বৃষ্টি ও ঝড়ের মধ্যে চূড়ান্ত সংগ্রাম ও তীর নিক্ষেপের দৃশ্য। শক্তি সামন্তর ‘বারসাত কি এক রাত’ সিনেমায় অমিতাভ বচ্চন এবং রাখি তাদের একমাত্র সন্তানকে হারায় দুর্বৃত্তদের কারণে এবং অন্য এক বর্ষার রাতে দৃষ্টিহীন রাখির উপর হামলা করে দুর্বৃত্তরা। বৃষ্টি এখানে বিপদের প্রতীক।
সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’ সিনেমায় বৃষ্টির ব্যবহার যেন নায়ক সোমনাথের মনের গ্লানি ও বিষণ্নতার প্রতীক হিসেবে।
হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় বৃষ্টি বিরহ ও বিষণ্নতার প্রতীক। যখন গায়ক মতির (জাহিদ হাসান) কণ্ঠে বেজে ওঠে গান ‘কর তোমার মনে যাহা লয়’।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গৃহদাহ’ ছবিতে বেশ কয়েকবার বৃষ্টির দৃশ্য ব্যবহার করা হয়েছে। উপন্যাসের বর্ণনাতেও এমনটি ছিল। প্রতিবারই বৃষ্টি অচলার (সুচিত্রা সেন) জীবনে দুভার্গ্য ও দুর্যোগ বয়ে এনেছে। বৃষ্টির রাতেই সে বিচ্ছিন্ন হয় স্বামী মহিমের (উত্তম কুমার) কাছ থেকে। আবার এক বৃষ্টির মধ্যেই সুরেশের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয় সে।
আবার সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ সিনেমায় অমলের (সৌমিত্র চট্টোপাধ্যায়) আবির্ভাব প্রবল বৃষ্টির মধ্যে। যেন চারুর তৃষ্ণার্ত জীবনে (মাধবী মুখোপাধ্যায়) ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়ে এল অমল।
‘রোড টু পারডিশন’ সিনেমায় স্যাম মেন্ডেজ বৃষ্টিকে ব্যবহার করেছেন নায়কের প্রতিশোধ গ্রহণের দৃশ্যে অসাধারণভাবে। মিশেল সুলিভান (টম হ্যাংকস) তার স্ত্রী ও সন্তানের ঘাতক জন রুনির (পল নিউম্যান) উপর প্রতিশোধ গ্রহণের জন্য অস্ত্র তাক করে। আকাশ থেকে অঝোরধারায় নেমে আসে বৃষ্টি যেন প্রকৃতির প্রতিশোধ রূপে। যেমন ঈশ্বরের ক্রোধরূপে বৃষ্টি ঝরে ‘নোয়া’ সিনেমায়। ‘ডেভিড অ্যান্ড বাথসেবা’ সিনেমাতেও ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে বৃষ্টির মধ্যেই প্রার্থনায় রত হয় কিং ডেভিড (গ্রেগরি পেক)।
ফ্রাংক দারাবোঁর ‘দ্য শশাংক রিডেম্পশন’ ছবিতেও একটি অসাধারণ বৃষ্টির দৃশ্য রয়েছে। যখন বিনা দোষে বিশ বছর কারাভোগের পর জেল পালানো কয়েদি অ্যান্ডি ডাফরেসঁ (টিম রবিনস) বৃষ্টিতে শরীর মেলে দেয়। বৃষ্টি তার মুক্তির প্রতীক হয়ে আসে।
উইলিয়াম ফ্রেডকিনসের ‘সরসারার’ ছবিতে বৃষ্টির দৃশ্য দারুণভাবে চিত্রায়িত হয়েছে।
১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে যখন প্রবল বৃষ্টির মধ্যে ভগ্নপ্রায় কাঠের সেতুর উপর দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যাওয়া হয়, তখন প্রকৃতির দুর্দমনীয় শক্তির বিরুদ্ধে মানুষের জয় ঘোষিত হয়।
বৃষ্টি নিয়ে আরেকটি চমৎকার সিনেমা ‘দ্য রেইন মেকার’। পঞ্চাশ দশকের এ সিনেমাতে অভিনয় করেছিলেন বার্ট ল্যাংকস্টার এবং ক্যাথেরিন হেপবার্ন। এখানে খরার মধ্যে বৃষ্টি নামাতে সক্ষম এক গুণীনের কাহিনি তুলে ধরা হয়।
কল্পনা লাজমির রুদালিতেও বৃষ্টির একটি চমৎকার দৃশ্য রয়েছে। যেখানে খরা পীড়িত রাজস্থানের এক গ্রামে ডিম্পল কাপাডিয়া বৃষ্টিতে বাড়িয়ে দেয় হাত। শত দুঃখ কষ্টের মধ্যেও মানবসত্তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুটে ওঠে এই দৃশ্যে।
‘লাগান’ সিনেমায় বৃষ্টি এসেছে জয়ের প্রতীক হয়ে। খরা ও দুর্দশা পীড়িত গ্রামে শেষ দৃশ্যে বৃষ্টি নামে সব প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকার ও নতুন জীবনের প্রত্যাশা নিয়ে।
‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’ এবং ‘আমার আছে জল’ সিনেমায় কয়েকটি দৃশ্যে বৃষ্টিকে তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে।
সম্প্রতি অসাধারণ বৃষ্টির দৃশ্যায়ন চোখে পড়েছে ‘গেরিলা’ সিনেমাতে। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমাতে বৃষ্টির কিছু অসাধারণ চিত্রায়ন রয়েছে।
কামার আহমদ সাইমন পরিচালিত ‘শুনতে কি পাও!’ সিনেমায় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামকে তুলে ধরা হয়েছে। এ ছবিতে বৃষ্টিভেজার যে দৃশ্য রয়েছে তা অনন্য।
বাংলার প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বৃষ্টি। বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রে বৃষ্টির দৃশ্য তাই প্রকৃতির চিত্রায়ণ হিসেবেই প্রকাশিত হয়েছে। বাংলার সবুজ-শ্যামল বৃষ্টিভেজা প্রকৃতির মতোই বাংলাদেশের মানুষের আবেগ, কখনও দুঃখ, কখনও আনন্দ, ভালোবাসা, বিরহ, বিপদ ও তাকে জয় করা সবকিছুই বিভিন্নভাবে রূপালি পর্দায় ফুটে উঠেছে বৃষ্টির দৃশ্যের মাধ্যমে।
