‘ইত্যাদি’র ২৫ বছর
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দর্শকরঞ্জনের ২৫ বছর পূর্ণ হয়েছে। শুক্রবার প্রচারিত পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি পা রাখতে যাচ্ছে ২৬তম বছরে।
এবারের পর্বটি তাই সাজানো হয়েছে একটু বিশেষভাবেই। নিয়মিত এক ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার অনুষ্ঠান দেখতে পারবেন দর্শকরা।
ফাগুন অডিও ভিশনের মুখপাত্র গাজী কিবরিয়া মিঠু গ্লিটজকে জানান, ‘ইত্যাদি’র এই দীর্ঘ পথ পরিক্রমায় কখনই বর্ষপূর্তি, দশক পূর্তি, যুগপূর্তি এমনকি দুই দশক বা দুই যুগ পূর্তি উপলক্ষেও কোন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
“দর্শকের রায় অনুযায়ী ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানকেই আমরা আয়োজনগতভাবে বা বিষয় বৈচিত্র্যে বিশেষ বলে মনে করি।”
শুরু থেকেই অনুষ্ঠানটি উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটিতে প্রতিবারই থাকে কিছু নিয়মিত পর্ব, যেমন-- মামা-ভাগ্নে, বিদেশী সিনেমার বাংলা সংলাপ, অনুসন্ধানী প্রতিবেদন। এবারও সে সব থাকছে বলে জানান মিঠু।
অনুষ্ঠানটি ৩০ মে রাত ৮টা ৩০ মিনিটে একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে ১ জুন রাত ১০টার ইংরেজী সংবাদের পর।
