২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যার ২২ অবতার

‘নায়া দিন নায়ি রাতে’ সিনেমায় নয়টি ভিন্ন ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেতা সঞ্জীব কুমার। তারই পদাঙ্ক অনুসরণ করতে চাইছেন হালের অভিনেত্রী বিদ্যা বালান। বলিউডের ‘চতুর্থ খান’ নামে পরিচিত এই অভিনেত্রী সবসময়ই নতুন ও ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে থাকেন। এবার তাকে দেখা যাবে ২২টি ভিন্ন রূপে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 02:51 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

সম্প্রতি নির্মিত ‘ববি জাসুস’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। আর গোয়েন্দা বিদ্যাকে এই সিনেমায় নিতে হয় ভিন্ন ভিন্ন ছদ্মবেশ।

হিন্দুস্তান টাইমস এক সূত্রের বরাত দিয়ে বলছে, শুধুমাত্র সাজের জন্য দুই সপ্তাহ কাজ করেছেন বিদ্যা। এই দুই সপ্তাহে প্রতিদিন ৬ থেকে ৮ রকমের সাজে সেজেছেন তিনি। ভালোভাবে পরখ করেছেন কোন সাজটি সিনেমার কোন দৃশ্যের সঙ্গে খাপ খায়। এর মধ্যে ১২২ ধরনের সাজ থেকে ২২টি নির্বাচিত হয় সিনেমার জন্য।

প্রতিটি সাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে বিদ্যাকে, ছবি তোলার পর তা নিয়ে চলেছে আলোচনা। কখনও তাকে দেখা গেছে একজন শিক্ষিকা হিসেবে, কখনও জেলে রূপে, আবার কখনও ‘ডাব্বাওয়ালা’ কিংবা পিওনের সাজে।

এমনকি ভিখিরি সেজে রাস্তায় ভিক্ষাও করেছেন তিনি! ভিখিরির সাজে বিদ্যার একটি ছবি অনলাইনে প্রকাশিত হয় ২০১৩ সালে, যা ভার্চুয়াল দুনিয়ায় ঝড় বইয়ে দিয়েছিল।

‘ববি জাসুস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত প্রযোজক হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। বিদ্যার এই ভিন্ন ভিন্ন সাজের জন্য সিনেমার কস্টিউম ডিজাইনার এবং মেকআপ শিল্পীর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন দিয়া।

“নতুন নতুন আবিষ্কার এবং শেখা নিয়ে এক দারুণ অভিজ্ঞতা ছিল বিদ্যার এই সাজ। আমাদের কস্টিউম ডিজাইনার থেইয়া তেকচান্দানি এবং মেকআপ আর্টিস্ট ভিদ্যাধার অক্লান্ত পরিশ্রম করেছেন যেন প্রতিটি সাজ মজার হয় এবং গল্পের সঙ্গে মানানসই।”

বিদ্যার সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত দিয়া বলেন, “আমার মনে হয়না ববি জাসুসের চরিত্রে বিদ্যার চেয়ে ভালো কেউ অভিনয় করতে পারতেন। তার মত সৎ অভিনয়শিল্পী আমি কখনও দেখিনি। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।”

প্রথম সিনেমা ‘পারিনিতা’য় দিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন বিদ্যা।

‘ববি জাসুস’-এর কাহিনি গড়ে উঠেছে ববি নামের এক নারীকে নিয়ে যিনি তার শহরের সেরা গোয়েন্দা হতে চান। সিনেমাটি মুক্তি পাবে ৪ জুলাই।