২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কে নার্গিস ফাখরি?’

‘ধুম’ তারকা উদয় চোপড়ার ডুবে ডুবে জল খাওয়ার গুজব এখন বেশ পুরনো। বড় ভাই আদিত্য চোপড়াও কখনও স্ত্রী রানি মুখার্জির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে জুনিয়র চোপড়া আরও এক কাঠি বাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলে বসেছেন, নার্গিস ফাখরির নামই শোনেননি তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

১৯ মে সোমবার রাতে চায়ের মগ হাতে টুইটারে একটি ছবি পোস্ট করেন উদয়, সেই মগে ছিল নার্গিসের ছবি।

কিন্তু উদয়ের টুইটটি ছিল, “কে এই নার্গিস ফাখরি, যার সঙ্গে সবাই আমার নাম জুড়ছে... আমি জীবনেও তার নাম শুনিনি।”

অপরদিকে উদয়ের এই টুইট দেখে হেসেই খুন উদয়ের বন্ধু অভিনেতা ঋত্বিক রোশান। তবে বন্ধুর টুইট নিয়ে মজা করলেও সরাসরি কিছু বলেননি ঋত্বিক।

হিন্দি সিনেমার জগতে পা রাখার পর এখন পর্যন্ত মাত্র দুটি ফিল্মে কাজ করেছেন নার্গিস। ক্যারিয়ারের এই সময়ে অবশ্য নিজের প্রেমের ব্যাপারে মুখ খুলতে রাজি হন না কোনো অভিনেত্রী। এমনটা হয়েছে নার্গিসের ক্ষেত্রেও।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে নার্গিস জানান, আপাতত কারও প্রেমে পড়েননি তিনি। এমনকি বিয়েতেও নেই তার কোনো আস্থা।

তবে প্রেমিকার এ ধরনের মন্তব্য একটুও বিচলিত করে না উদয়কে। বরং টুইটারে নিয়মিত নার্গিসের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলতে দেখা যায় তাকে।

চলতি বছরের শুরুতে মালদ্বীপের সৈকতে একসঙ্গে সমুদ্রস্নান করতে গিয়ে পাপারাজ্জির ক্যামেরাবন্দি হন এই জুটি। এরপরও নিজেদের ‘স্রেফ বন্ধু’ বলেই পরিচয় দিতে চান তারা।

উদয়ের বড় ভাই আদিত্য চোপড়ার সঙ্গে অভিনেত্রী রানি মুখার্জির সম্পর্কও ছিল খানিকটা এ রকম। প্রকাশ্যে প্রেম করে বেড়ালেও কোনোদিন এর সত্যতা স্বীকার করেননি তারা। অবশেষে ছয় বছর প্রেমের পর গোপনে গাঁটছড়া বাঁধেন রানি-আদিত্য জুটি।

অনেকের ধারণা, এমনই কিছু ঘটবে চোপড়া পরিবারের ছোটছেলে উদয়ের ক্ষেত্রেও।