২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় কাপুর বংশের আরেক সন্তান

কাপুর বংশকে বলা হয় হিন্দি সিনেমার রাজবংশ। পৃথ্বিরাজ কাপুর থেকে শুরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসিফা ফারিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 06:55 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

এরপর তিন ভাই রাজ কাপুর, শাম্মি কাপুর আর শশি কাপুর রাজত্ব করেছেন হিন্দি সিনেরাজ্যে। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন হালের কারিনা কাপুর ও রানবির কাপুর। এবার তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আরমান জেইন।

তবে এখানেই গল্পের মোড় কিছুটা ঘুরে যায়। কাপুর বংশের ছেলেরা সিনেমায় এলেও, বরাবরই রূপালি পর্দাকে দূরে সরিয়ে রেখেছেন মেয়েরা। সেই রীতি ভাঙেন রানধির কাপুরের দুই মেয়ে কারিশমা ও কারিনা। এবার রাজ কাপুরের মেয়ে রিমা কাপুরের ছেলের সিনেমায় অভিষেক এ ক্ষেত্রে যোগ করবে এক নতুন অধ্যায়ের।  

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আরমানের মামাতো বোন কারিনা কাপুরের স্বামী সাইফ আলি খানের প্রযোজনাতেই বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তার। চলতি বছরের ৪ জুলাই মুক্তি পাবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘লেকার হাম দিওয়ানা দিল’। সিনেমাটি পরিচালনা করবেন ‘রকস্টার’, ‘যাব উই মেট’-এর মতো হিট সিনেমার পরিচালক ইমতিয়াজ আলির ছোটভাই আরিফ আলি।

ইরস ইন্টারন্যাশনালের ব্যানারে এই সিনেমায় আরও থাকবেন নবাগতা অভিনেত্রী দিকশা শেঠ।