২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার ঘেরাটোপে রানি-আদিত্যর বাসভবন

ইতালিতে থেকে ফিরে নির্ঝঞ্ঝাটে যেন ঘর করতে পারেন নবদম্পতি রানি মুখার্জি এবং আদিত্য চোপড়া, সেই উদ্দেশ্যে ঢেলে সাজানো হচ্ছে ইয়াশ রাজ বাংলোর নিরাপত্তা ব্যবস্থা। পাপারাজ্জিদের ঝামেলা যাতে শুটিং সেটের মতো বাড়িতেও সামলাতে না হয়, সে জন্য নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 06:23 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

মিডডে জানিয়েছে, চলতি সপ্তাহেই মুম্বাইয়ে ফিরছেন এই নবদম্পতি। আসার সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের খপ্পরে পড়তে চান না তারা। আর তাই দুর্গের মতো নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হচ্ছে তাদের বাসভবন।

চোপড়াদের বাসভবনের নিরাপত্তা বাড়ানোর কাজে নিয়োজিত একজন এ ব্যাপারে বলেন, “তাদের বাড়ি সুউচ্চ এক দেয়ালে ঘেরা। ভেতরের অংশ আবার অনেক উঁচু থেকে সাদা পর্দায় ঢাকা। যাতে করে দূর থেকে যেন ভেতরে কী হচ্ছে, সেটা দেখা না যায় কোনোভাবেই। দেয়ালের গ্রিল আর পর্দার মাঝের দূরত্ব দুই ফুটেরও বেশি।”

কেবল নিজেদের থাকার জায়গাতেই নয়, নিরাপত্তা আর গোপনীয়তার দুর্ভেদ্য পর্দা ঝুলছে রানি-আদিত্যর কর্মক্ষেত্রেও। বিয়ের পর মুক্তি পেতে যাওয়া রানি অভিনীত প্রথম সিনেমা ‘মারদানি’কেও ইয়াশ রাজ ফিল্মস ঢেকে রেখেছে একই গোপনীয়তার চাদরে।

সিনেমায় রানির চরিত্র এক পুলিশ অফিসারের। এটি পরিচালনা করছেন প্রদীপ সরকার- এই দুই তথ্য বাদে ‘মারদানি’ সম্পর্কে কোনো ধরনের তথ্য মিডিয়ায় প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টদের নিষেধ করে দিয়েছে প্রযোজকরা। শুটিং স্পটেও থাকছে কড়া নিরাপত্তা।

এদিকে, বিয়ের পর মুম্বাইয়ে ফিরলেও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন নাকি লন্ডনেই করবেন রানি-আদিত্য। পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র এমন দাবি করলেও এ ব্যাপারে নিশ্চিত করে জানা যায়নি কিছু। ওদিকে তাদের মুম্বাইয়ের বাসভবনেও চলছে না এ রকম কোনো অনুষ্ঠানের প্রস্তুতি।