২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্ল্যাকজ্যাক' নিষিদ্ধ অ্যাফ্লেকের জন্য

'অতিরিক্ত ভালো খেলেন', তাই লাস ভেগাসের ক্যাসিনোতে আর ব্ল্যাকজ্যাক খেলা হচ্ছে না আমেরিকান অভিনেতা বেন অ্যাফ্লেকের। সম্প্রতি অস্কারজয়ী এই অভিনেতার উপর এই 'নিষেধাজ্ঞা' জারি করা হয় বলে রয়টার্সকে বলেছেন তাঁরই 'ঘনিষ্ঠ সূত্র'।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:29 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

২ মে লাস ভেগাসের ক্যাসিনো ‘হার্ড রক’-এ ব্ল্যাকজ্যাক খেলতে গিয়ে বাধার সম্মুখীন হন অ্যাফ্লেক। দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাকে জানান, অতিরিক্ত ভালো খেলার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর। তবে অন্য যে কোনো খেলা খেলতে পারবেন তিনি।

স্ত্রী জেনিফার গারনারের সঙ্গে মিলে অল্প কিছুদিনের ছুটিতে লাস ভেগাসে গিয়েছিলেন অ্যাফ্লেক। ছুটি শেষে ফিরে শুরু করবেন ‘ম্যান অফ স্টিল’-এর সিক্যুয়ালের কাজ, যেখানে হেনরি কেভিলের বিপরীতে ব্যাটম্যানের ভূমিকায় দেখা যাবে তাকে।

এর আগে গসিপ ওয়েবসাইট টিএমজি জানায়, কারচুপি করে খেলার অভিযোগে একটি ক্যাসিনো থেকে সারাজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে অ্যাফ্লেককে।

এ ঘটনার সূত্র ধরে ‘হার্ড রক’ ক্যাসিনোর প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। কিন্তু তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

নতুন ব্যাটম্যান হিসেবে নাম ঘোষণার পর থেকে নিয়মিত আলোচিত এবং সমালোচিত হচ্ছেন এই অভিনেতা। তবে এ ধরনের ঘটনার কারণে এই প্রথম শিরোনাম হলেন তিনি।

আশির দশকের শুরু থেকে হলিউডে নিয়মিত অভিনয় করছেন ৪১ বছর বয়সী অ্যাফ্লেক। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনার জন্যও সমাদৃত হয়েছেন বহুবার।

১৯৯৭ সালে ‘গুড উইল হান্টিং’এর চিত্রনাট্য লিখে অস্কার জিতেছিলেন তিনি। ২০১২ সালে সেরা সিনেমার অস্কার জিতে তার সিনেমা ‘আরগো’, অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছিলেন অ্যাফ্লেক।

ক্রাইম থ্রিলার ‘রানার রানার’-এ একজন পাকা জুয়াড়ির ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যাফ্লেক, যা মুক্তি পায় ২০১৩ সালে।