২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রণবীর-দীপিকা

বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও জুটি বাঁধতে যাচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত পরবর্তী সিনেমায়।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, চলতি বছরের জুলাই মাসে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করবেন যৌথভাবে সাজিদ নাদিয়াদওয়ালা এবং ইমতিয়াজ আলি।

এর আগে ‘বাচনা ইয়ে হাসিনো’ এবং বক্স অফিস মাতানো ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় জুটি বেঁধেছিলেন রণবীর এবং দীপিকা। সাবেক প্রেমিক-প্রেমিকা রণবীর এবং দীপিকার ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি ৩০২ কোটি মার্কিন ডলার তুলে নেয় বিশ্ব বক্স অফিস থেকে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার মনোনয়নও পেয়েছিলেন রণবীর।

বাস্তবজীবনে ক্যাটরিনা কাইফের সঙ্গে এখন প্রেম করলেও রণবীর-দীপিকা জুটির পর্দারসায়ন দর্শকদের পছন্দ। এই দর্শকপ্রিয় জুটিকেই নিজের সিনেমায় কাস্ট করতে চাচ্ছেন নাদিয়াদওয়ালা।

এদিকে, ইমতিয়াজ আলি পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হাইওয়ে’ সিনেমাটি ইমতিয়াজের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন নাদিয়াদওয়ালা। আর ‘হাইওয়ে’র জন্যই রণবীর ও দীপিকাকে নিয়ে নাম ঠিক না হওয়া সিনেমাটির  কাজ এতদিন শুরু করতে পারেননি সাজিদ। অন্যদিকে মুক্তিপ্রতীক্ষিত ‘টু স্টেটস’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন নাদিয়াদওয়ালা।

নবাগতা অভিনেত্রী আলিয়া ভাট এবং রণবীর হুড়া অভিনীত ‘হাইওয়ে’ মুক্তির পরই দর্শক এবং সমালোচকদের মধ্যে আলোচিত হচ্ছে। নাদিয়াদওয়ালার মতে, তার কাছে ভিন্ন স্বাদের যে চিত্রনাট্যগুলো আছে সেগুলো তিনি নতুন প্রতিভার মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরতে চাইছেন।

ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করা নিয়েও দারুণ আনন্দিত নাদিয়াদওয়ালা।

তিনি বলেন, “ইমতিয়াজের সঙ্গে আবারও কাজ করার সুযোগ আমি হাতছাড়া করতে চাইছি না।”

নির্মিতব্য সিনেমাটি সম্পর্কে নাদিয়াদওয়ালা বলেন, “রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে আমাদের পরবর্তী সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি জুলাই মাসে। ‘হাইওয়ে’র আগে আমরা এ সিনেমার কাজ শুরু করতে চেয়েছিলাম। তবে পরিকল্পনায় আমাদের প্রায় ছয় থেকে আট মাস দেরি হয়েছিল। আর সে কারণেই প্রথমে ‘হাইওয়ে’ সিনেমার কাজ আগে শুরু করা হয়েছে। আমাদের নতুন সিনেমাতেও অসাধারণ একটি কাহিনি তুলে ধরা হবে।”

অন্যদিকে নাদিয়াদওয়ালার সঙ্গে মুক্তিপ্রতীক্ষিত ‘টু স্টেটস’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন কারান জোহর। এ সিনেমা নিয়েও দারুণ আশাবাদী সাজিদ। সিনেমাটির চিত্রনাট্য পড়ার পরই সেটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাদিয়াওয়ালা।

নাদিয়াদওয়ালা বলেন, “আমি বছরে একটি বাছাই করা সিনেমা তৈরি করতে চাই। আর ওই কাজ এমন মানুষদের নিয়েই করি, যাদের আমি পছন্দ করি।”

এর আগে সালমান খান এবং অক্ষয় কুমারের মতো প্রতিষ্ঠিত অভিনেতাকে নিয়ে বেশকিছু সিনেমায় কাজ করেছেন নাদিয়াদওয়ালা। তবে এখন তিনি নতুন প্রতিভাদের নিয়ে কাজ করতে চান। নতুন পরিচালকদের নিয়েও কাজ করতে চান তিনি।

দীর্ঘদিন ধরে প্রযোজনা করলেও প্রথমবারের মতো সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমার মধ্য দিয়ে পরিচালকের আসনে বসেছেন নাদিয়াদওয়ালা। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।