শিশু চলচ্চিত্র উৎসব শুরু
৩৫ দেশের সিনেমা নিয়ে শনিবার বিকেলে রাজধানীসহ পাঁচ বিভাগীয় শহরে শুরু হল সপ্তাহব্যাপী সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান উপজীব্য করে আয়োজিত উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসব সভাপতি ও শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার, চিলড্রেন ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল এবং উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম।
আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হয় বিকেল চারটায় ‘আলো আমার আলো’ গানের সঙ্গে অতিথি বরণ করার মাধ্যমে। এরপর গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে একঝাঁক সাদা পায়রা অবমুক্ত করা হয় এবং বাদ্যযন্ত্রের তালে তালে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় শিশুনির্মাতাদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরাও অংশ নেন।
শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বিকেল পাঁচটায়। অতিথিরা প্রথমে প্রদীপ প্রজ্জ্বালন করেন এবং উৎসব নিয়ে নিজেদের অভিমত দেন ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
উৎসবের প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশসহ দেখানো হয় পাঁচটি দেশের চলচ্চিত্র। জার্মান চলচ্চিত্র ‘ইখ মিট মানার নিৎ সিস্ট (আই স্পাই উইথ মাই লিটল আই)’, যুক্তরাজ্যের চলচ্চিত্র ‘ম্যাক্রোপলিস’, স্প্যানিশ চলচ্চিত্র ‘আর্কোনাডা’, লাটভিয়ান চলচ্চিত্র ‘মাতে ইস মিলু তেভি’ এবং ব্রিটিশ কাউন্সিল প্রযোজিত বাংলাদেশি চলচ্চিত্র ‘গোলকধাঁধা’ প্রদর্শিত হয়।
উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম জানান, সাত দিনের এ উৎসবে এবার দেশের ১২টি কেন্দ্রে ১৫০টির বেশি শিশু উপযোগী চলচ্চিত্র দেখানো হবে। এরমধ্যে বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্রের সংখ্যা অন্তত ৩৯।
ফ্রান্স, জার্মানি, ভারত, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, রাশিয়া, পেরু, লাটভিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩৫।
ঢাকায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমণ্ডির অলিঁয়স ফ্রঁসেজ, রাশিয়ান কালাচারাল সেন্টার এবং সোবহানবাগের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
রংপুর টাউন হল, রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন, সিলেট মিলনায়তন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি মিলনায়তন, বরিশাল এবং চট্টগ্রামের অলিঁয়স ফ্রঁসেজ, হলি ফ্যামিলি টিউটোরিয়াল স্কুল ও ফুলকি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে বলেও জানান মোরশেদুল ইসলাম।
পাঁচটি বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।
প্রতিযোগিতা বিভাগে এবারে অংশ নিচ্ছে ৩৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতায় সেরা হিসেবে নির্বাচিত চলচ্চিত্র নির্মাতা পঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট পাবেন। একইভাবে একটি বিশেষ পুরস্কারের সঙ্গে সেরা চলচ্চিত্র হিসেবে আরও দুটি পুরস্কার দেওয়া হবে নির্বাচিতদের।
সপ্তমবারের মতো আর্ন্তজাতিক এই উৎসবের আয়োজক বাংলাদেশ চিলড্রেন ফিল্ম সোসাইটি। শিক্ষা ও বিনোদনের জন্য শক্তিশালী মাধ্যম হিসেবে চলচ্চিত্রের যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে সংগঠনটি কাজ শুরু করে ২০০৬ সালে।
