২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের সংগীতশিল্পীদের অংশগ্রহণে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হল ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে প্রথমবারের মতো এই সংগীত উৎসবের আয়োজন করছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

উৎসবে বাংলাদেশসহ ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানের সংগীতশিল্পীরা অংশ নিয়েছেন। এ উৎসবের থিম কান্ট্রি নেপাল।

শুক্রবার বিকাল ৫টায়  জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শ্রী হরিকুমার শ্রেষ্ঠ। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি এম এ বারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস এবং কথাশিল্পী, সুরকার কবি আজিজুর রহমান আজিজ।

গণসংগীত সমন্বয় পরিষদের বৃন্দ পরিবেশনায় শুরু হয় উৎসব। তাদের সংগীত পরিবেশনার পর মঞ্চে আসে চট্টগ্রামের নৃত্যদল স্বপ্নিল শিল্পীগোষ্ঠী। এই শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা দুটি গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।

নেপালের জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা।

এরপর স্বাগত বক্তব্যে উৎসবের আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে যথাক্রমে আজীবন সদস্য ও আমৃত্যু শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেন উৎসবের সদস্য সচিব আবুল আজাদ।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি এম. এ. বারী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শুভেচ্ছা বক্তব্যের পর  ‘দক্ষিণ এশীয় সংগীত: বাংলা সংগীতের বৈশিষ্ট্য’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ড. আনু মাহমুদ।

এ বছর গণসংগীতে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি ফেলোশিপ পাওয়ায় ফকির আলমগীরকে বিশেষ সম্মাননা জানায় সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট।

বাংলা গণসংগীতের সব কিংবদন্তিকে স্মরণ করে ফকির আলমগীর তার ‘বিশেষ সম্মাননা’ তাদের উদ্দেশ্যে নিবেদন করেন।

ফকির আলমগীর বলেন, “শিল্পের জন্য শিল্প নয়, মানুষের জন্য শিল্প। সংগীত দুর্যোগ, দুর্বিপাকের বেদনা মুছে দিয়ে মানুষকে উজ্জীবিত করে তোলে। এ সংগীতের মাধ্যমে লড়ে যাব আমৃত্যু।”

এরপর তিনি ‘ভাবছি ডালে কাকের নাই অভাব’ শিরোনামে একটি প্রতিবাদী গণসংগীত গেয়ে শোনান।

ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, “কাঁটাতারের বেড়া সীমানা ভাগ করে দিলেও সংগীত দক্ষিণ এশিয়ার মানুষকে একসূত্রে গেঁথে রেখেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন সব অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতিই জোর প্রতিবাদ জানাতে পারে। গান এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে।”

এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বন্ধুত্বপূর্ণ অবদানের জন্য নেপালকে বিশেষ ধন্যবাদ জানিয়ে থিম কান্ট্রির স্মারক তুলে দেন প্রধান অতিথি গওহর রিজভী।

দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরে নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ বলেন, “এ উৎসবের মাধ্যমে শুধু গান নয়, সংস্কৃতির অন্যান্য দিক নিয়েও পারস্পরিক ভাববিনিমিয় হবে। এক দেশের মানুষ আরেক দেশের সংস্কৃতি সম্পর্কে জানবে। এ ধরনের উদ্যোগ দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে।”

তিনি জানান, সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের যে কোনো আয়োজনে ভবিষ্যতে নেপাল দূতাবাস সাহায্য করবে।

বাংলাসংগীতের হাজার বছরের ঐতিহ্যের কথা তুলে ধরে প্রধান অতিথি গওহর রিজভী বলেন, “সংগীতের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ একে অন্যের সংস্কৃতি সম্পর্কে জানে। এ অঞ্চলের মানুষের ক্ষুধা, দারিদ্র্য, অজ্ঞতার বিরুদ্ধে মানুষের জীবন সংগ্রামের কথা গানের মাধ্যমে ফুটে উঠেছে। অন্যায় –অবিচারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে গণসংগীত।

এ অঞ্চলের সে গানগুলো নিয়ে এবারের উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা আবার এক হতে পেরেছি।”

তিনি ঢাকাকে দক্ষিণ এশিয়ার ‘সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিকর্মীদের উদ্যোগী হতে বলেন।

এরপর একে একে দলীয় সংগীত পরিবেশন করবে ঋষিজ, উদীচী, ক্রান্তি, বহ্নিশিখা, স্বভূমি, আনন্দন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও উত্তরায়ন।

এরপর শুরু হয় একক পরিবেশনা। সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের মোস্তারি পারভিন টিনার পরিবেশনা দিয়ে শুরু হয় এ পর্ব। সংগীত পরিবেশন করেন ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ আশরাফুজ্জামান। তারপর মঞ্চে আসেন ভারতের তাপসী রায় চৌধুরী (কলকাতা), সুচরিতা ভৌমিক (ত্রিপুরা)।

একে একে একক সংগীত পরিবেশন করেন বাংলাদেশের ফকির আলমগীর, সুবীর নন্দী, বুলবুল মহলানবীশ, লিলি ইসলাম।

অনুষ্ঠানে আদিবাসীদেরও বিশেষ পরিবেশনা ছিল। গারো শিল্পী হাসিনা স্নাল, মারমা শিল্পী চতথি মারমা নিজেদের ভাষায় গান শোনান।

নেপালের মনোজ বাহাদুর সংগীত পরিবেশন করেন।

২০১৩ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গণসংগীতশিল্পী সম্মেলনে অংশগ্রহণকারীদের আগ্রহ ও পরামর্শে সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট গঠিত হয়। সে বছর তারা প্রথমবারের মতো দক্ষিণ এশীয় গণসংগীত উৎসবেরও আয়োজন করেছিল। ইনস্টিটিউটি এখন ঢাকার কল্যাণপুরের একটি অস্থায়ী নিবাসে কার্যক্রম চালাচ্ছে। খুব শীঘ্রই ধানমণ্ডিতে একটি স্থায়ী নিবাসে চলে যাবে ইনস্টিটিউট। সেখানে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

ছবি – নয়ন কুমার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম