২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুতোষ চলচ্চিত্র ‘ললিপপ’

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের গল্প নিয়ে তরুণ নির্মাতা জেনী ইসলাম নির্মাণ করলেন শিশুতোষ চলচ্চিত্র ‘ললিপপ’। ইতোমধ্যে অনলাইনে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 04:25 PM

Updated : 13 Oct 2022, 11:51 AM

গ্লিটজকে এ খবর জানিয়েছেন সিনেমার সিনেমাটোগ্রাফার ও সম্পাদক সাইফ রাসেল।

৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাতে দুটি শিশুচরিত্রে অভিনয় করেছ জয়িতা, পুতুলি ও পুতুলির বাবার চরিত্রে অভিনয় করেছেন জাকির হোসেন।

চার বছর বয়সী শিশুকন্যা জয়িতার বন্ধুতা প্রকৃতির সঙ্গে। যে কোনো আনন্দের উপলক্ষ সে প্রকৃতির সঙ্গে শেয়ার করে। সে ভালোবাসে ললিপপ। একদিন ললিপপ পেয়ে সে দারুণ আনন্দিত হয়। বরাবরের মতোই বন্ধু গাছ ও প্রাণীদের সঙ্গে সে আনন্দ ভাগাভাগি করতে চলে যায়। পথে দেখা হয় পথশিশু পুতুলির সঙ্গে। পুতুলি তখন বাবার কাছে চকলেট কিনে দিতে বায়না করে। কিন্তু বাবা তাকে ধমকে দেয়। তখন জয়িতা পুতুলির জলভরা চোখ মুছে দিয়ে তার ললিপপটি দিয়ে দেয়।

সাইফ রাসেল বলেন, “শিশুদের কোনো শ্রেণিভেদ নেই। তারা সবাই এক। এ সিনেমার মাধ্যমে আমরা পথশিশুদের কথা বলতে চেয়েছি। বলতে চেয়েছি, শিশু অধিকারের কথা।”

তিনি আরও বলেন, “খুব কম বাজেটে সিনেমাটি নির্মাণ করতে হয়েছে। টাকার অভাবে সিনেমার বেশকিছু কারিগরি দিক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম । কিন্তু বন্ধুরা মিলে ঠিকই সমস্যার সমাধান করেছি। আমাদের টার্গেট ছিল, কত কম বাজেটে ভালো একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানো যায়।”

রাসেল জানান, অভিনেতাদের সবাই প্রথমবারের মতো এই সিনেমাতে অভিনয় করেছেন। জাকির হোসেন একজন চাকরিজীবী। জয়িতা ঢাকার বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। ধানমন্ডি এলাকার পথশিশু পুতুলি এখনও স্কুলে যায়নি।

http://vimeo.com/69804422 - লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে ‘ললিপপ’। এছাড়া খুব শীঘ্র চ্যানেল নাইনের ফিল্ম টকিজ নামের একটি টিভিপ্রোগ্রামে দেখানো হবে ‘ললিপপ’।

এছাড়া এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে রাসেল, জেনীদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বোকাবাক্স’। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেনী এর আগে ‘ধূসর’ শিরোনামে একটি চলচ্চিত্র বানিয়েছেন। এখন জেনী ও রাসেল মিলে দুটি ডকুমেন্টারি নির্মাণ করছেন। এ দুটি হল ‘সমীকরণ’ এবং ‘জিজ্ঞাসা’।