২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয় মানুষ অমিতাভ

পৃথিবীর সবচেয়ে প্রিয় দশ জন মানুষের তালিকায় এবার যুক্ত হয়েছে বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 05:39 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সম্প্রতি ব্রিটেনের এক প্রভাবশালী পত্রিকা আয়োজন করে এই জরিপের। যেখানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পৃথিবীর সবচেয়ে প্রিয় দশজন মানুষের তালিকা।

‘ইউগভ’ নামের এই পত্রিকার জরিপে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ভারত, চীন,পাকিস্তান, ব্রাজিল, মিশর, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ার মোট ১৪ হাজার মানুষ।

৭১ বছর বয়সী বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার শুরু হয় ষাটের দশকের শেষার্ধে। মৃণাল সেন নির্মিত ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ভুবন সোম’-এ অভিনয় করেননি তিনি, বরং নেপথ্য কণ্ঠ দানকারীর ভূমিকায় ছিলেন।

১৯৬৯ সালে মুক্তি পায় অমিতাভের অভিনীত প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্তানি’। ১৯৭১ সালের সিনেমা ‘আনন্দ’ তাকে এনে দেয় খ্যাতি, সেইসঙ্গে তিনি পান জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার।

১৯৮২ সালে, যখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন অমিতাভ, তখন ‘কুলি’ সিনেমার শুটিং করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন। বেশ কয়েক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সুস্থ হয়ে ফেরেন অমিতাভ।

জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছুদিন রাজনীতিও করেছিলেন এই অভিনেতা।

১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত অভিনয় থেকে বিরতি নিয়ে রাজনীতি করেন তিনি। ভারতের উত্তর প্রদেশে অষ্টম লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সর্বকালের সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন অমিতাভ।

আন্তর্জাতিকভাবে জনপ্রিয় অমিতাভ নিজের অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্যও বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন অনেকবার।

২০০০ সালে অমিতাভ ছিলেন প্রথম এশিয়ান, যার মোমের মূর্তি স্থাপন করা হয়েছিল লন্ডনের মাদাম তুসো জাদুঘরে।

২০১২ সালে লন্ডনে তাকে দেওয়া হয় অলিম্পিকের মশাল বহন করার বিরল সুযোগ।

চলতি বছরে মুক্তি পাবে অমিতাভের চারটি সিনেমা। এর মধ্যে তিনটির শুটিং চলছে, আর মুক্তির অপেক্ষায় আছে ‘ভূতনাথ রিটার্নস’।