২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভলির ভালোবাসা দিবসের কেক

এবারের ভালোবাসা দিবসটি কেমন কাটবে হলিউডি জুটি ব্লেক লাইভলি এবং রায়ান রেনল্ডসের? জানা গেছে স্বামীর জন্য ভালোবাসার উপহার হিসেবে একটি কেক বানানোর পরিকল্পনা করেছেন লাইভলি। আর দিনশেষে সিনেমাহলে গিয়ে ‘ট্রু রোমান্স’ মুভিটি উপভোগেরও সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, কী ধরনের কেক বানাবেন সেটি সম্পর্কে নিশ্চিত না হলেও লাইভলি দিনটি রান্নাঘরেই কাটানোর চিন্তা করছেন। এ বিষয়ে এক্সট্রা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি এখনও জানি না, কি বেক করতে যাচ্ছি আমি, তবে নিশ্চয়ই সেটা ভালো কিছু হবে।”

লাইভলি আরও বলেন, “আমি আরেকটি দারুণ জিনিস আবিষ্কার করেছি ভালোবাসা দিবসের জন্য। সেদিন দেখলাম, ভায়োলেন্ট রোমান্টিক ড্রামা ‘ট্রু রোমান্স’ সিনেমাটি মুক্তি পেয়েছে। আমার মনে হল, ভালোবাসার জন্য মুভিটি কিছুটা গম্ভীর। তারপরও দেখা যাক, সিনেমাটি কেমন!”

ওদিকে ৩৭ বছরের রেনল্ডস জানিয়েছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের সঠিক ভাষা খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, “আপনি যদি আমাকে বলেন আমাদের সম্পর্ককে ব্যাখ্যা করার জন্য, আমি হয়তো কোনো ভাষা খুঁজে পাব না। শব্দের মাধ্যমে সঠিকভাবে আমার স্ত্রীর প্রতি ভালোবাসার ব্যাপারটি বোঝানো খুব শক্ত; বিশেষ করে এ ধরনের টিভি সাক্ষাৎকারে!”

হলিউডি অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে ব্লেক লাইভলির বিয়ে হয় ২০১২ সালে। ‘গ্রিন ল্যান্টার্ন’ সিনেমার সেটে প্রথমবারের মতো দেখা হয় দুজনের। দুই বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধেন তারা।

লাইভলির আগে রেনল্ডস বিয়ে করেছিলেন আরেক হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসনকে।

২০০৭ সালে বাগদানের পরের বছর বিয়ে করেছিলেন তারা। তাদের তিন বছরের দাম্পত্য ডিভোর্সে গড়ায় ২০১১ সালে। এর আগে ২০১০ সালেই আলাদা থাকতে শুরু করেছিলেন তারা।