২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়বেলায় সুচিত্রার সম্মানে তোপধ্বনি

তোপ দেগে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনকে চিরবিদায় জানাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

মহানায়িকার মহাপ্রয়াণ

জীবনের শেষ তিনটি যুগ যেভাবে নিজেকে আড়ালে সরিয়ে রেখেছিলেন মহানায়িকা সুচিত্রা, সেভাবেই কঠোর কড়াকড়ির মধ্যে শুক্রবার বিকালে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শেষ হয় তার শেষকৃত্য।

শুক্রবার সকালে কলকাতার বেলভিউ হাসপাতাল থেকে সুচিত্রার মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই সেখানে ছুটে যান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনিই ঘোষণা দেন, রাষ্ট্রীয় সম্মান জানানো হবে প্রয়াত অভিনেত্রীকে।

হাসপাতালে তিনি সাংবাদিকদেও বলেন, “মহানায়িকা চলে গেলেন। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বিশ্ব চলচ্চিত্রের জন্যও এটি একটি দুঃসংবাদ। তার মতো প্রতিভাধর অভিনেত্রী একবারই জন্ম নিয়েছিলেন। আজকের দিনটি খুবই দুঃখের আমাদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজনকে হারিয়েছি আমরা।”

দুপুর সাড়ে ১২টায় সুচিত্রার শববাহী গাড়ি রওনা হয় কেওড়াতলা শ্মশানের দিকে। শেষকৃত্য শুরু হয় দুপুর ১টায়।

মমতার ঘোষণা অনুযায়ী সেখানে ছিল না সাধারণ মানুষের প্রবেশাধিকার। কেবল নিকট আত্মীয়, টালিগঞ্জের চলচ্চিত্রজগতের কয়েকজন তারকা এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হয় আনুষ্ঠানিকতা। নিকটাত্মীয়দের মাল্যদানের পর রাজ্য সরকারের তরফ থেকে শেষ সম্মান জানাতে দেওয়া হয় তোপধ্বনি। কন্যা মুনমুন সেনের মুখাগ্নির মাধ্যমে শুরু হয় দাহ।

২৩ ডিসেম্বর ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্ট বেড়ে যায় সুচিত্রা সেনের। ওইদিনই তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ছিলেন পাঁচ সদস্যের এক চিকিৎসক টিমের নিবিড় পর্যবেক্ষণে। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাকে ভেন্টিলেশনের সাহায্যে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল।

বাংলা সিনেমা ‘শেষ কোথায়’-এ অভিনয়ের মধ্য দিয়ে ১৯৫২ সালে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন মহানায়িকা। হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বিমল রায়ের পরিচালনায় ১৯৫৫ সালে ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন।

১৯৬৩ সালে মস্কো ফিল্ম ফেস্টিভালে ‘সাতপাকে বাঁধা’ সিনেমার জন্য সুচিত্রা অর্জন করেন সেরা অভিনেত্রীর খেতাব। তিনিই ছিলেন ভারতীয় প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছিলেন।

১৯৭৮ সালে সুচিত্রার ‘প্রণয় পাশা’ সিনেমাটি জনপ্রিয়তা না পেলে তিনি চলচ্চিত্রজগত থেকে বিদায় নেন। এরপর থেকে কখনও জনসম্মুখে আসেননি তিনি। এমনকি ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পদকের জন্য মনোনীত করা হয়। তবে ভারতীয় রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণের জন্য দিল্লি যাননি তিনি।

কলকাতার বাড়িতে মেয়ে মুনমুন সেন এবং দুই নাতনি রাইমা এবং রিয়া সেনের সঙ্গে বাস করতেন প্রয়াত ওই কিংবদন্তি অভিনেত্রী।