হিলারি ক্লিনটনের বায়োপিক
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি রডহ্যাম ক্লিনটনের উপর নির্মিত হবে একটি বায়োপিক। ‘ইন্ডি ড্রামা’ ধাঁচের ওই সিনেমার নাম হবে ‘রডহ্যাম’।
ভ্যারাইটি ম্যাগাজিন জানিয়েছে, সিনেমায় উঠে আসবে সত্তর দশকে হিলারি ক্লিনটনের জীবনকাহিনি। এরমধ্যেই সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘লায়ন্স গেইট’। সিনেমার শুটিং শুরু হবে ২০১৪ সালে।
‘দ্য স্পেক্টাকুলার নাও’-খ্যাত নির্মাতা জেমস পনসল্ডট সিনেমাটি পরিচালনা করবেন। এখন পর্যন্ত কোনো অভিনয়শিল্পী চূড়ান্তভাবে নির্বাচিত না হলেও মূল চরিত্রের জন্য শোনা যাচ্ছে ক্যারি মুলিগ্যানের নাম।
‘রডহ্যাম’-এর চিত্রনাট্য লিখবেন ইয়ং কিম। এর আগে কিম ‘ড্রাফট ডে’,’ ‘এ কান্ট্রি অফ স্ট্রেঞ্জারস’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন।
‘রডহ্যাম’-এর কাহিনি গড়ে উঠবে আমেরিকার বিতর্কিত ‘ওয়াটারগেইট’ কেলেঙ্কারির সময়কে ঘিরে। যখন প্রেসিডেন্ট নিক্সনকে অভিযুক্ত করার জন্য উঠতি আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল হিলারি ক্লিনটনকে। এক পর্যায়ে তাকে সিদ্ধান্ত নিতে হয়, তিনি হোয়াইট হাউজের পথে এগোবেন, নাকি তার প্রেমিক বিল ক্লিনটনের কাছে ফিরে যাবেন।
সিনেমাটি প্রযোজনা করবে আরলুক গ্রুপ এবং ‘টোয়াইলাইট সিরিজ’ খ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান টেম্পল হিল এন্টারটেইনমেন্ট।
