সত্য পাহাড়
‘সত্য পাহাড়’ নামে একটি নতুন ধারাবাহিক নির্মাণ করছেন পরিচালক সকাল আহমেদ।
ঢাকা শহরের দুটি পরিবারের দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে ধারাবাহিক ‘সত্য পাহাড়’-এর কাহিনি। এতে দেখা যাবে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কুসুম শিকদারের সঙ্গে বিয়ে ঠিক হয় মাহফুজ আহমেদের। বিয়ের আগে কুসুম জানতে পারেন মাহফুজের পরিবারের সদস্যরা দুর্নীতিগ্রস্ত। ব্যাপারটি মেনে নিতে পারেন না কুসুম। তিনি প্রতিবাদ করেন। একপর্যায়ে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। কোনো ওষুধে কাজ হয় না। তখন এক কবিরাজের পরামর্শে কুসুমকে হিমালয়ের সত্য পাহাড়ে নিয়ে যাওয়া হয়। কবিরাজ পরামর্শ দেন, এই পাহাড়ের নিচে সবাইকে ভালো হয়ে যাওয়ার শপথ নিতে হবে।
এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মনিরা মিঠু, কুসুম সিকদার, ফারাহ রুমা, সাইদ বাবু, মাজনুন মিজান, লুৎফর রহমান জর্জ, স্বাগতা, ভাবনা প্রমুখ।
সকাল আহমেদ জানিয়েছেন, ধারাবাহিকটি প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
