ব্যস্ত ইরানি
চিত্রনাট্যকার ও নির্মাতা ইরানি বিশ্বাস এখন ভীষণ ব্যস্ত। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘অন্তরীপ’ নামের একটি টেলিফিল্ম। এ টেলিফিল্মের চিত্রনাট্যও লিখেছেন তিনি।
‘অন্তরীপ’ টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম, মেহজাবীন, আরিয়ান ও ফাহমি। এতে দেখা যাবে, প্রবাসী আরিয়ানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় মেহজাবীনের। হঠাৎ এক ছিনতাইয়ের ঘটনায় মেহজাবীনের সঙ্গে পরিচয় হয় নাঈমের। ব্যক্তিজীবনের নানা টানাপড়েনে ভেঙ্গে পড়া নাঈমের একাকীত্ব দূর করতে চায় মেহজাবীন। তার বন্ধু ফাহমির সঙ্গে পরিচয় করিয়ে দেয় নাঈমের। কিন্তু মেহজাবীনই নাঈমের প্রেমে পড়ে যায়। তাদের প্রেম মেনে নিতে পারেন না মেহজাবীনের মা।
ইরানি ‘পিএইডি সালমান’ নামে ১০৪ পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করেছেন। গ্রামীণ পটভূমিকার এ ধারাবাহিকের প্রধান চরিত্রে রূপদান করেছেন রহমত আলী, আ খ ম হাসান, সীমানা, লুৎফুর রহমান জর্জ, রিনা খান, আরিয়ান, কাজী উজ্জ্বল প্রমুখ।
ইরানি জানান, টেলিফিল্ম ‘অন্তরীপ’ চ্যানেল আইতে প্রচারিত হবে বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে। ধারাবাহিক ‘পিএইডি সালমান’ প্রচারিত হবে বৈশাখী টিভিতে।
