মাইলিকে ছাড়াই সুখী লিয়াম
গায়িকা মাইলি সাইরাসের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজ নিয়ে ভালোই আছেন বলে মন্তব্য করেছেন অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ।
ডজনখানেক সাক্ষাৎকার, ‘সেলিব্রিটি চ্যাট শো’তে অংশ নেওয়া, পাশাপাশি রয়েছে নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’এর বিশ্বব্যাপী প্রচারণার কাজ-- সব মিলিয়ে একাকিত্বের কষ্ট অনুভব করার সময়ও নাকি পাচ্ছেন না অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত লিয়াম। হলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন হওয়ায় প্রেম-বিচ্ছেদ নিয়ে ভাবার সময় তার নেই বলে গণমাধ্যমে সম্প্রতি মন্তব্য করেন তিনি।
তবে সারাক্ষণ মিডিয়ার সঙ্গে থেকেও সাবেক প্রেমিকা মাইলির সঙ্গে বাগদান বাতিলের বিষয়টিকে এতদিন সুকৌশলে এড়িয়ে গেছেন লিয়াম।
এই বিচ্ছেদের পর গসিপ ওয়েবসাইট এক্সট্রাকে লিয়াম বলেছিলেন, মাইলির সাফল্যে খুবই খুশি তিনি। তবে এর বেশি কিছুই বলেননি।
গণমাধ্যমে সম্প্রতি এক সাক্ষাৎকারে লিয়ামকে জিজ্ঞেস করা হয়, একাকী জীবন কেমন লাগছে তার। লিয়াম বলেন, “ইদানিং মনে হয় আমি কাজের প্রতি বেশি মন দিতে পারছি, আগের চেয়ে অনেক বেশি সুশৃক্সখল মনে হচ্ছে নিজেকে।”
লিয়াম আরও জানান, অস্ট্রেলিয়া থেকে হলিউডে তিনি পা রাখেন পাঁচ বছর আগে। এই পাঁচ বছরে তিনি অনেক কিছুই শিখেছেন, যার ফলে এই জগতে টিকে থাকা এখন আর কঠিন মনে হয় না তার।
লিয়াম বলেন, “আমি অনেক কিছুই শিখেছি। লস আঞ্জেলেসে কাটানো প্রথম কয়েক বছর ছিল খুবই কঠিন আর ভয়ের। অনেক সমস্যার সমাধান নিজেকেই করে নিতে হয়েছে।”
হলিউডে অভিনেতা হিসেবে খ্যাতি পাওয়ার পাশাপাশি মাইলির সঙ্গে তার টানাপড়েনের সম্পর্ক নিয়ে সবসময়ই সংবাদের শিরোনাম হয়েছেন লিয়াম। মিডিয়ার আগ্রহ যেন তাদের সম্পর্ক টিকিয়ে রাখাকে আরও কঠিন করে তুলেছিল।
তবে লিয়াম জানান, হলিউডি জীবন এবং মাইলির সঙ্গে বিচ্ছেদ সব ধরনের সমস্যায় নিজেকে শান্ত রাখার জন্য সাহায্য করেছেন তার সহশিল্পী জেনিফার লরেন্স।
লিয়াম বলেন, “হলিউডে আসার পর এমন কয়েকটি বছর কেটেছে যখন আমি কিছু উপভোগ করতে পারতাম না। কিন্তু জেনের মতো একজন মানুষ, যে খুবই সৎ এবং সারাদিনই হাসিখুশি থাকে, তার সঙ্গে সময় কাটিয়ে আমি এখন প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখেছি। আমি এখন অনেক ভালো আছি।”
জেনিফার লরেন্সের সঙ্গে অভিনীত লিয়ামের নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
