হিউয়ের ক্যান্সার
নাকের উপর একটি অন্যরকম দাগ দেখার পর ত্বকের ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন হলিউডি অভিনেতা হিউ জ্যাকম্যান।
ইন্সটাগ্রামে সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করেছেন হিউ। সেখানে দেখা গেছে তার নাকের উপর ব্যান্ডেজ করা। ছবিটির সঙ্গে ভক্তদের জন্য তিনি দিয়েছেন একটি বিশেষ বার্তা।
হিউ জানান, তার নাকের উপর একটি অন্যরকম দাগ দেখার পর স্ত্রী ডেবোরার চাপাচাপিতে শেষমেশ চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। তবে তখনও হিউ জানতেন না, এটি আসলে ছিল ক্যান্সারের সূত্রপাত।
হিউ লেখেন, “আমার স্ত্রী ঠিক সন্দেহ করেছিল।আমার ত্বকে বেসাল সেল কার্সিনোমা ক্যান্সার হয়েছিল।”
বেসাল সেল কার্সিনোমা এক ধরনের ত্বকের ক্যান্সার, যা ককেশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। প্রাণঘাতী না হলেও এই ক্যান্সারে অঙ্গহানি হওয়ার আশঙ্কা থাকায় এটিকে বিপজ্জনক হিসেবে ধরা হয়। সাধারণত মাথা, গলা এবং নাকের আশপাশের জায়গাগুলোতে এই ক্যান্সার বিস্তার লাভ করে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ করা যায়।
ভক্তদের সতর্ক করে হিউ ইন্সটাগ্রামের ওই পোস্টে আরও লেখেন, “দয়া করে আমার মতো বোকামি করবেন না। সবাই নিজের ত্বক পরীক্ষা করাবেন। আর অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন।”
প্রিয় অভিনেতার এই ছবি দেখে তাকে শুভকামনা জানান ভক্তরা। এক ভক্ত লেখেন, “আমারও শরীরের দুই স্থানে ত্বক-ক্যানসারের কোষ পাওয়া গিয়েছিল, যা আমি চিকিৎসা করিয়েছি। আশা করছি আপনি শীঘ্রই সুস্থ হবেন।”
আরেক ভক্ত লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ আপনি অনেক আগেই এটি দূর করতে পেরেছেন।”
এদিকে নিজের স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও হিউ এখন ব্যাস্ত ‘উলভারিন’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সঙ্গে আলোচনায়। সিনেমাটির নির্মাতা জেমস ম্যানগোল্ডের সঙ্গে একাত্ম হয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। যদি দুপক্ষের মধ্যে সমঝোতা হয়, তবে আরও একবার উলভারিনের ভূমিকায় দেখা যাবে হিউকে।
