২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানিত তিন বাঙালি অভিনেত্রী

কলকাতায় অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন বলিউডের তিন বাঙালি অভিনেত্রী রানি মুখার্জি, বিপাশা বসু এবং সুস্মিতা সেন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 05:17 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, রোববার আটদিনব্যাপী উৎসবের শেষদিনে বলিউডের তিন বাঙালি অভিনেত্রীকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

‘পঞ্চকন্যা’র এক বিশেষ তালিকায় বলিউডের তিন অভিনেত্রীর পাশাপাশি ছিলেন কলকাতার সিনিয়র অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি এবং হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই পাঁচ অভিনেত্রীকে দেওয়া হয় শাল এবং ট্রফি। তাদের হাতে পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মমতার প্রশংসা করে রানি বলেন, “কলকাতাকে পুরোপুরি বদলে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আসার পর থেকে কলকাতা অনেক উন্নত হয়েছে। মমতা ব্যানার্জি এখন অনেক নারীর জন্য অনুপ্রেরণার প্রতীক।”

রানির পাশাপাশি তার বাবা-মাকেও সম্মাননা জানান মমতা।

সুস্মিতা বলেন, “আমি খুবই খুশি। আমি এই বাংলার মেয়ে। এখানে সম্মাননা পেয়ে আমার খুব ভালো লাগছে। এমন একটি দেশে এবং এমন একটি রাজ্যে জন্ম নিয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”

উচ্ছ্বসিত বিপাশা বলেন, “আমাদের সবারই স্বপ্ন আছে। আর যদি নিজের স্বপ্নের উপর আমাদের আস্থা থাকে,তবে সাফল্য আসবেই।”