২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা বানাবেন চয়নিকা

এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন টিভিপর্দার ব্যস্ত নির্মাতা চয়নিকা চৌধুরী। আগামী বছরের শুরুতে সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। এ উপলক্ষে প্রস্তুতিও শুরু করেছেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:07 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

এ বিষয়ে চয়নিকা গ্লিটজকে বলেন, “নাটকের পর এবার সিনেমা নির্মাণ করব। এ মুহূর্তে সিনেমার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে। সিনেমার চিত্রনাট্য, কলাকুশলী, গান সবকিছুতেই অভিনবত্ব থাকবে।”

এখন চয়নিকা বিজয় দিবসের জন্য ‘সবুজ রুমাল’ নামে একটি এক ঘণ্টার নাটক নির্মাণ করেছেন।

শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে এ নাটকে দেখা যাবে, শুভ্র ও রূপন্তী দম্পতি আর্ত মানবতার সেবায় কাজ করেন। দেশের চলমান ইস্যুগুলো নিয়ে তারা ভাবেন, সমস্যা সমাধানের উপায় খোঁজেন। একদিন আমেরিকা থেকে দেশে ফেরেন মুক্তিযোদ্ধা চাচা ফিরোজ। তিনি মুক্তিযুদ্ধের নানা গল্প শোনান। এ গল্পের প্রধান চরিত্র সুদীপ্ত। সুদীপ্ত প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দেন চাচা। এই গল্প নিয়েই শুরু হয় নতুন জটিলতা।

এ নাটকে শুভ ও রূপন্তী চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও জাকিয়া বারী মম। নাটকের প্রধান চরিত্র মুক্তিযোদ্ধা সুদীপ্তর চরিত্রটি রূপায়ন করছেন অপূর্ব। মুক্তিযোদ্ধা চাচার ভূমিকায় অভিনয় করেছেন কে. এস. ফিরোজ। 

চয়নিকা জানান, নাটকটি বিজয় দিবসে মাছরাঙা চ্যানেলে প্রচারিত হবে।

তিনি দুটি সিরিয়াল ও দুটি এক ঘণ্টার নাটকও নির্মাণ করছেন। সিরিয়ালগুলো হল ‘স্বপ্নগুলো জোনাকি পোকার মতো’ এবং ‘অন্ধকারের গান’।

চয়নিকা জানান, দুটি সিরিয়ালই ৫২ পর্বের। ‘স্বপ্নগুলো জোনাকি পোকার মতো’ প্রচারিত হবে গাজীটিভিতে এবং ‘অন্ধকারের গান’ প্রচারিত হবে এটিএন বাংলায়।

এক ঘণ্টার নাটক দুটি হল ‘যদিও সন্ধ্যা’ এবং ‘টানাপোড়েন’। ‘যদিও সন্ধ্যা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন  অপূর্ব, রুনা খান, সমাপ্তি ওয়াদুদ। ‘টানাপোড়েন’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন ওমর আয়াজ অনি, ফারাহ রুমা।

‘যদিও সন্ধ্যা’ নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।