২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি নতুন সিনেমায় সারা

দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডি অভিনেত্রী সারা জেরিন। সিনেমা দুটি হল জাকির হোসেন রাজুর ‘ভুলতে পারি না তারে’ এবং সায়মন তারিকের ‘স্যরি ম্যাডাম’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 02:28 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

এদিকে সারা অভিনীত ‘বন্ধুর লাগিয়া পরান কান্দে’ সিনেমাটি মুক্তির দিন গুনছে। এ জে রানা পরিচালিত এ সিনেমায় সারার বিপরীতে অভিনয় করছেন সায়মন। এ সিনেমায় সারা প্রথমবারের মতো গ্রামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে সারা গ্লিটজকে বলেন, “এর আগে যে কটি সিনেমায় অভিনয় করেছি তার সব ছিল শহুরে চরিত্র। এ সিনেমায় আমি কুসুম নামে এক তরুণীর চরিত্রে রূপদান করেছি। এতে দেখা যাবে, গ্রামের উচ্চবিত্ত এক পরিবারের মাতৃহীন মেয়ে কুসুম। পরিবারের আদুরে মেয়ে কুসুম একপর্যায়ে প্রেমে পড়ে। এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।”

সারা জানান, এ সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারিতে।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে সারা বলেন, “আমার সব স্বপ্ন সিনেমা ঘিরে। আমি সব সময় প্রতিষ্ঠিত নির্মাতাদের সিনেমায় কাজ করতে চেয়েছি। তবে নতুন নির্মাতাদের সিনেমাতেও আমি অভিনয় করব। সেক্ষেত্রে শর্ত হল, ভালো গল্প, চিত্রনাট্য ও দক্ষ ইউনিট।”

সহ-অভিনেতা সায়মন প্রসঙ্গে সারা বলেন, “আমার প্রথম সিনেমা ‘জি হুজুর’-এর নায়ক সায়মন। সায়মনের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। অভিনেতা হিসেবেও সে দারুণ। দর্শক সারিতে বসে তার অভিনয় উপভোগ করি।”

ঢাকাই সিনেমার এই ব্যস্ত অভিনেত্রী এখন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সে (ইউআইটিএস) এমবিএ পড়ছেন। সারা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুরা তার অভিনয়ের সমালোচক। কদিন আগেই ছাত্র-শিক্ষকরা মিলে দেখে এসেছেন সারা অভিনীত সিনেমা ‘রোমিও ২০১৩’।

ব্যবসা প্রশাসনের স্নাতক সারার কাছে প্রশ্ন-- সিনেমার ব্যস্ততায় পড়াশোনা কি বিফলেই গেল ! এ প্রশ্নের জবাবে সারা বলেন, “কোনো পড়াশোনাই বিফলে যায় না।”