বিবসনা হওয়া কঠিন নয়: মাইলি
পপতারকা মাইলি সাইরাস জানিয়েছেন, জনসমক্ষে কাঁদার চেয়ে সবার সামনে বিবসনা হওয়া তার জন্য কম অস্বস্তির।
ব্যাং শোবিজ জানায়, মানুষের সামনে কাঁদতে অস্বস্তিবোধ করেন মাইলি। এর চেয়ে বিবসনা হওয়াই বেশি সহজ তার জন্য। ‘রেকিং বল’ মিউজিক ভিডিওতে মাইলি বিবসনা হয়েছিলেন। আর তাই এটি তার কাছে কঠিন কাজ বলে মনে হয় না।
মাইলি বলেন, “বিবসনা হওয়া আমার কাছে অতটাও কঠিন মনে হয় না। অন্যরা বিষয়টি যেভাবে দেখেন আমি তা সেভাবে দেখি না। তবে মানুষের সামনে কাঁদতে রাজি নই আমি। নিজের দুর্বলতাকে তুলে ধরতে চাই না কারও কাছে।”
২০ বছর বয়সী ওই পপশিল্পী কিছুদিন আগেই ‘হাঙ্গার গেমস’ অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্কের ইতি টানেন। আর তখনই কান্নায় ভেঙে পড়েন তিনি।
মাইলি এ বিষয়ে বলেন, “আপনারা আমাকে যেভাবে কাঁদতে দেখেছেন আমি সেভাবেই অনুভব করছিলাম। অনেকেই এটি অভিনয় করতে পারে, তবে আমি অভিনয় করিনি। একজন মানুষের চোখের দিকে তাকালেই তার অনুভূতি বোঝা যায়।”
