দ্য ব্রাদারহুড প্রজেক্ট কলকাতায়
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কলকাতায় দুই কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদের ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’র সেলফ টাইটেলড অ্যালবাম প্রকাশ হল ।
এ বিষয়ে শিল্পীদ্বয় গ্লিটজকে বলেন, “আমরা সারাবিশ্বে আমাদের গানের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই। এই অ্যালবাম প্রকাশ সে স্বপ্নেরই একটি ধাপ মাত্র।”
জয় ও পারভেজের অ্যালবামটি কলকাতায় প্রকাশ করছে জিরোনা এন্টারটেইনমেন্ট। এর আগে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ডেডলাইন বাংলাদেশের বাজারে অ্যালবামটি প্রকাশ করে ২০১২ সালের ১২ ডিসেম্বর।
অ্যালবামটিতে মৌলিক গান রয়েছে জয়ের কণ্ঠে ‘তোমাকে আসতেই হবে’ এবং পারভেজের কণ্ঠে ‘আজও’। আরও রয়েছে শচীন দেববর্মনের তিনটি, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর একটি এবং লালন সাঁইয়ের একটি গান।
তারা আরও বলেন, “ঈদের বিভিন্ন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মহড়া চলছে এখন। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছি চলতি বছরের শেষ নাগাদ প্রজেক্টর দ্বিতীয় অ্যালবাম প্রকাশের।”
এবারের অ্যালবামটি প্রচলিত ও পরিচিত লোকগান নিয়ে করা হবে বলে জানিয়েছেন জয়।
তিনি আরও জানান, অ্যলবামের সংগীতায়োজন করা হচ্ছে বর্তমান প্রজন্মের রুচি ও চাহিদা বিবেচনায় রেখে। সেক্ষেত্রে নিজেদের গায়কী বৈশিষ্ট্য বজায় রাখবেন তারা।
