মঞ্চে আসবেন ফারহানা মিলি
টিভিপর্দার ব্যস্ত অভিনেত্রী মিলি জানান, তিনি এবার মঞ্চে অভিনয় করবেন। মঞ্চের মতো টিভিতে অভিনয় শেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন মিলি।
গ্লিটজকে মিলি বলেন, “অভিনয় চর্চার জন্য মঞ্চের কোনো বিকল্প নেই। মঞ্চ নাটকে কাজ করার অন্যরকম আনন্দ। এখানে অভিনয়ের নানা খুঁটিনাটি হাতে-কলমে শেখা যায়। টিভি নাটকে সে সুযোগ নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই একটা নাট্যদলে যোগ দেব। কোন দলে যোগ দেব সে সিদ্ধান্ত এখনও নেইনি।”
বর্তমানে অভিনেত্রী ফারহানা মিলি পরকীয়ায় মেতেছেন। মানসিক বিকারগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে মিলি একদিন প্রেমে পড়েন এক যুবকের। এক রাতে স্বামীকে বেঁধে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তিনি।
বাস্তবে নয়, কোরবানি ঈদের নাটক ‘পিঞ্জরে বসিয়া শুকসারি’তে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মিলি।
ঈদের আরও দুটি নাটকে অভিনয় করেছেন মিলি। নাটকগুলো হল জাহিদ মাহমুদের ‘ গোলকিপার’, আবু সাঈদের ‘নিজ্জনের জন্য ভালোবাসা’। মিলি জানান, নিজ্জনের জন্য ভালোবাসা নাটকে তিনি অভিনয় করেছেন এক মমতাময়ী মায়ের ভূমিকায়।
কোরবানি ঈদে একটি টেলিফিল্মেও অভিনয় করেছেন মিলি। আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘গল্পটা অন্যরকম হতে পারত’ শিরোনামের এ টেলিফিল্মে মিলির বিপরীতে অভিনয় করেছেন মনির খান শিমুল।
সংসার, শিশুসন্তানের ব্যস্ততা সামলে অভিনয়ে নিয়মিত হচ্ছেন কীভাবে-- এ প্রশ্নের জবাবে মিলি বলেন, “এর পুরো কৃতিত্ব আমার পরিবারের। তারা আমাকে অকুণ্ঠ সমর্থন করছেন বলেই অভিনয়ে ফিরে এসেছি। শুটিংয়ে থাকলে রুসলানকে সামলাচ্ছে আমার মা। ওর বাবাও ওকে সময় দিচ্ছে। আমিও ঢাকার বাইরে কোথাও শুটিং করছি না।”
