গুজরাটি ডন শাহরুখ
‘ডন’ সিনেমার সাফল্যের পর আরও একবার বলিউডি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেতা এবং নির্মাতা ফারহান আখতার। রাহুল ঢোলাকিয়ার পরবর্তী সিনেমায় শাহরুখ একজন গুজরাটি ডনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি ফারহান আখতারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন রিতেশ সিধওয়ানি। বর্তমানে সিনেমার চিত্রনাট্য নিয়ে তারা কাজ করছেন বলে জানা গেছে।
রিতেশ এ বিষয়ে বলেন, “শাহরুখ খান সিনেমাটিতে অভিনয় করছেন। এখনও সিনেমার কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই বলা যাচ্ছে না কবে শুটিং শুরু করব। তবে আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করতে চাইছি আমরা।”
‘ডন থ্রি’ এর জন্য আরও বেশি আকর্ষণীয় চিত্রনাট্য প্রয়োজন বলে জানালেন রিতেশ।
তিনি বলেন, “ডন সিনেমার সঙ্গে তাল মেলাতে তৃতীয় সিনেমার জন্য আরও চটকদার চিত্রনাট্য দরকার। শুধু মানুষের আগ্রহের উপর ভিত্তি করে নয়। বরং সিনেমার কাহিনি ভালো হলে তবেই ‘ডন থ্রি’ সিনেমার কাজ শুরু করব আমরা।”
রিতেশ বর্তমানে ‘ফাকরে টু’ এবং অভিষেক কাপুরের ‘রক অন টু’ সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা করছেন।
তিনি জানালেন, ইতোমধ্যেই সিনেমা দুটির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। মৃগদীপ পরিচালিত কমেডিভিত্তিক ‘ফাকরে’ সিনেমাটি চলতি বছরের জুন মাসে মুক্তি পায়। আর মুক্তির পর সেটি বেশ ভালোই সাড়া জাগিয়েছিল।
