২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন রূপে মাহফুজ

এবারে ঈদে মাহফুজ আহমেদের পরিচালিত ও অভিনীত ৫ পর্বের ধারাবাহিক নাটকে ভিন্ন রূপে দেখা যাবে তাকে। নাটকটিতে মুখভর্তি দাড়ি নিয়ে অভিনয় করেছেন তিনি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:00 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

প্রসূন রহমানের চিত্রনাট্যে ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন তারিন, মোনালিসা, মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, শাহেদ শরিফ খান, ফারাহ রুমা, সাঈদ বাবু, মাজনুন মিজান, অলিউল হক রুমি, শিরিন শীলা, হাফসা মৌটুসী, মণীষা, টুনটুনি, মঞ্জুরুল ইসলাম নান্টু এবং জামাল রাজা প্রমুখ।

এ বিষয়ে প্রসূন রহমান গ্লিটজকে বলেন, “এটি গত ঈদের বিশেষ ধারাবাহিক ‘বুনো চালতার গাঁয়’-এর সিকুয়াল। পাঁচপর্বের ধারাবাহিকটিতে মাহফুজ আহমেদকে ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শক। গল্পের প্রয়োজনে নতুন এই গেটআপ নিয়েছেন তিনি। এর আগেও দর্শক তাকে নানা রূপে দেখেছেন। এবারেও দর্শকের তার এই গেটআপ ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “বাণীচিত্র প্রযোজিত এই নাটকের গল্পে দেখা যাবে, বাংলাদেশে প্রযুক্তির প্রসারতার ফলে ঘরে ঘরে টেলিভিশন পৌঁছে যাচ্ছে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। কিন্তু এইসব আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি শিক্ষার আলো যথাযথভাবে পৌঁছাচ্ছে না সবখানে। ফলে রয়ে যাচ্ছে নানা রকম কুসংস্কার। এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই নাটকের গল্প।”

তিনি জানিয়েছেন, এতে দেখা যাবে এক তরুণ শহর থেকে গ্রামে আসেন। তিনি গ্রামে এসে দেখতে পান তার দাদার করে যাওয়া স্কুলটি বন্ধ করে মাদ্রাসা হিসেবে চালু করেছে স্থানীয় পীর। তারপর সেই স্কুল উদ্ধার করতে গিয়ে তাকে মুখোমুখি হতে নানা সমস্যার। কারণ সেই পীরের ক্ষমতার জাল অনেক বিস্তৃত।

নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন থেকে টানা পাঁচ দিন প্রচারিত হবে।