সুইজারল্যান্ডে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল
সুইজারল্যান্ডের জেনেভায় ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল জেনেভা ২০১৩’ অনুষ্ঠিত হল ৭ সেপ্টেম্বর। প্রদর্শনীর আয়োজক ছিল সুইজারল্যান্ডের চলচ্চিত্র সংস্থা ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দ্য ফিল্ম ওরিয়েন্টাল দু জেনেভা (ফিফগ)। পৃষ্ঠপোষকতায় ছিল সুইজারল্যান্ড বাংলাদেশ কমিউনিটি এবং বাংলা রেস্টুরেন্ট সাজনা।
ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, জেনেভার ‘সিনেমা লে গ্রুথলি’তে প্রদর্শনীটির আয়োজন করা হয়। এক দিনের উৎসবটিতে প্রদর্শন করা হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্বপন আহমেদ পরিচালিত ‘লালটিপ’ এবং হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। চলচ্চিত্র তিনটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.।
উৎসবটি উৎসর্গ করা হয় প্রয়াত চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে। বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য উৎসবে সম্মাননা প্রদান করা হয় ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।
উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ফিফগের জেনারেল সেক্রেটারি সুফিয়ান ব্রুশাই, বাংলাদেশ দূতাবাসের পিআর এ্যান্ড অ্যাম্বাসেডর আবদুল হান্নান, বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল জেনেভার চিফ ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর রহমান খলিলুর ও বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আমজাদ।
