ইউরোপে পরবাসিনীর শুটিং
স্বপন আহমেদ পরিচালিত পরবাসিনী সিনেমার শেষ পর্যায়ের শুটিং হবে ইউরোপের কয়েকটি দেশে। শুটিংপূর্ব প্রস্তুতি নিতে এখন তিনি প্যারিসে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই শুটিং শুরু হবে।
স্বপন আহমেদ গ্লিটজকে বলেন, “ইউরোপে প্যারিস, রোম, জেনিভা, বোলজানোতে সেপ্টেম্বর মাসে শুটিং করব। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন অভিনেতা ইমন এবং স্থানীয় কয়েকজন অভিনয় শিল্পী। মুম্বাইয়ের এক নায়িকাও আমাদের ইউনিটের সঙ্গে যোগ দেবেন। তবে সবাইকে সারপ্রাইজ দিতে চাই। তাই তার নামটা এখনই বলছি না।”
তিনি আরও বলেন, “ইমন ইউনিটের সঙ্গে যোগ দেবেন ১২ সেপ্টেম্বর। তার কাজ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ পর্যায়ে শুটিং শেষ করতে ২০ দিন লাগবে। এরপরে আমরা পোস্টপ্রডাকশনের কাজ শুরু করব।”
তিনি জানিয়েছেন, এই সিনেমার অন্য দুই শিল্পী নীরব ও মেহজাবীনের কাজ বাংলাদেশেই শেষ হয়েছে। তাদের অভিনীত চরিত্রের পুরো অংশটাই দেশে। তাই এ পর্যায়ে তারা থাকছেন না।
