২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দয়াগঞ্জে সমাহিত হবেন রহমান বয়াতি

২০ অগাস্ট মঙ্গলবার জন্মস্থান দয়াগঞ্জে সমাহিত হবেন বিখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতি। তার আগে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্বাসক্রিয়া বন্ধসহ নানা বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয় সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

এ বিষয়ে তার ছেলে আলম বয়াতি গ্লিটজকে বলেন, “মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পযর্ন্ত রাখা হবে জাতীয় শহীদ মিনার চত্বরে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তার। পরবর্তীতে তাকে নেওয়া হবে মৃধাপুরে। সেখানে আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে। শেষে তাকে নেওয়া হবে দয়াগঞ্জে, সেখানে আরও একটি জানাজা শেষে এলাকার পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হবে।”

শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের বলে জানান আলম। তিনি আরও জানান, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ তাকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন। অন্যান্য কাজগুলো করা হবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী।

রহমান বয়াতির জন্মস্থান সূত্রাপুর থানার দয়াগঞ্জে। তিনি পরিবারসহ বর্তমানে বসবাস করেন ডেমরা থানার মৃধাপাড়ায়।

বাবা তোতা মিয়া ও মা আজমেরী বেগমের সংসারে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট আবদুর রহমান বয়াতি। জন্ম নেন ১৯৩৬ সালের ১ জানুয়ারি। রহমান বয়াতি বিয়ে করেন খাতুন জারাকে। তাদের সংসারে আছে তিন ছেলে ও তিন মেয়ে। সন্তানদের মধ্যেও তিনি তার সংগীতের ধারা তৈরি করে গেছেন।

তিনি সংগীতজীবন শুরু করেন দশ বছর বয়স থেকে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত পাঁচ শতাধিক একক ও মিশ্র অ্যালবামে গেয়েছেন, লিখেছেন এবং সংগীত পরিচালনা করেন তিনি।

অডিও, নাটক, চলচ্চিত্র সবক্ষেত্রেই পদচারণা ছিল তার। চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি।

মৃত্যুর আগে তিনি প্রায় ৬ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে।