‘স্কুল অফ নিলয়’ এর ‘ঝড়’
সেলফ টাইটেলড অ্যালবামের পর এবার ‘ঝড়’ নিয়ে আসছে ‘স্কুল অফ নিলয়’
ঈদ উপলক্ষে ‘ঝড়’ নামে নতুন অ্যালবাম প্রকাশ করতে যচ্ছে রক ব্যান্ড ‘স্কুল অফ নিলয়’।
স্কুল অফ নিলয় গড়ে উঠেছে নিলয়কে ঘিরে। ব্যান্ডের অন্যান্য সদস্য হচ্ছেন মুস্তাফিজুর রহমান খান বাপ্পি, নাদিম আহমেদ, ইসফান্দর আহমেদ এবং অতিথি গিটারিস্ট জয়নুল আবেদিন জয়।
নতুন অ্যালবাম নিয়ে নিলয় জানান, অ্যালবামের কাজ প্রায় শেষ। প্রকাশের সব প্রস্তুতিও সম্পূর্ণ। ‘ঝড়’ নামে অ্যালবামটিতে গানের সংখ্যা ৮। অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ।
নিলয় বলেন, “আমরা অ্যালবামের কাজের পাশাপাশি স্টেজ শো এবং সামনে কিছু টিভি শোর প্রস্তুতি নিচ্ছি। সেইসঙ্গে নতুন গান নির্মাণ করার চেষ্টা করছি।”
ব্যান্ডটির নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ডি-রকস্টার ও সাউথ এশিয়ান সুপারস্টারখ্যাত কণ্ঠশিল্পী আহমেদ নিলয়ের নাম। মোবাইল ফোন অপারেটর ব্র্যান্ড ডিজুস আয়োজিত রকস্টার খোঁজার প্রতিযোগিতায় ২০০৫ সালের আসরে প্রথম হন তিনি। তিনি ভারতের কলকাতায় আয়োজিত সাউথ এশিয়ান সুপারস্টার প্রতিযোগিতায় ২০০৮ সালের একজন সফল অংশগ্রহণকারীও বটে।
২০০৮ সালে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি ২০১২ সালে সেলফ টাইটেলড অ্যালবাম প্রকাশ করেছিল। নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে কথা হচ্ছিল ব্যান্ডটির সদস্যদের সঙ্গে।
ব্যান্ডটির নামকরণের বিষয়টা বেশ মজার, একটা গল্প জড়িয়ে আছে এর সঙ্গে। সেই গল্প জানতে পরিচিত হতে হবে ব্যান্ডের বেইজিস্ট মুস্তাফিজুর রহমান খান বাপ্পির সঙ্গে। তার ভাষায় গল্পটি এমন, “আমাদের সবার ইচ্ছে ছিল একটি রক ব্যান্ড করার। সেই প্রয়াস থেকে মূলত এ ব্যান্ডটি করা। আমরা একটি সুন্দর নাম খুঁজছিলাম যা একইসঙ্গে আমাদের পরিচয় এবং নিজস্ব বৈশিষ্ট্যকে প্রকাশ করবে।
“হঠাৎ আমাদের মাথায় আসে এই নামটি। আমাদের ভোকাল নিলয় ডি-রকস্টার ও সাউথ এশিয়ান সুপারস্টারের মাধ্যমে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। আমরা সেই খ্যাতিকে ধরে রাখতে চেয়েছি। ওই চিন্তার বাস্তবায়ন করতেই ‘স্কুল অফ নিলয়’ নামটি দেওয়া। অবশ্য নামের ধারণাটি পেয়েছি ‘স্কুল অফ রক’ চলচ্চিত্র থেকে।”
ব্যান্ডের আরেক সদস্য ড্রামার নাদিম আহমেদ বলেন, “প্রথম থেকেই আমরা রক ধাঁচের গান শোনাতে চাইছি শ্রোতাদের। আমরা সাহস করে প্রথম অ্যালবামটাই করেছি ব্যান্ডের নামে। আপনারা নিশ্চয়ই জানেন, সেলফ টাইটেলড বিষয়টা কী? সেদিক থেকে ধরেই নিতে পারি, একটা সাফল্য অন্তত উদযাপন করছি আমরা। তবুও, এই শেষ না। এরপরে আরও পথ পাড়ি দিতে হবে আমাদের। আর কাজ করতে হবে একতা ও সংকল্পে অটুট থেকে।”
আরেক সদস্য লিড গিটারিস্ট ইসফান্দর আহমেদ জানালেন, তারা অনুপ্রেরণা খুঁজে পান এমন ব্যান্ডের তালিকা বেশ বড় এবং বৈচিত্র্যপূর্ণ। তাদের তালিকায় রয়েছে নির্ভানা, দি মিউজ, থ্রি ডোরস ডাউন, ইউটু, ক্রিড, অল্টার ব্রিজ, বন জোভি, মেটালিকা, অডিওস্ল্যাব, পার্ল জ্যাম, পিংক ফ্লয়েড, ডায়ার স্টেয়ার্স, গ্রিন ডে, লিনকিন পার্ক, গানস এন রোজেস, ড্রিম থিয়েটার প্রভৃতি ব্যান্ড।
