আফগানিস্তানে রিয়েলিটি শো
সংগীত তারকা সাইমন কাওয়েল এবার তার বিখ্যাত রিয়েলিটি শো ‘আফগানিস্তানস গট ট্যালেন্ট’ নির্মাণ করবেন আফগানিস্তানে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
দ্য সান ইউকে জানিয়েছে, আফগানিস্তানের জনগণের বিনোদন এবং তাদের প্রতিভার অন্বেষণের জন্য এই টিভি অনুষ্ঠানটি নির্মাণ করবেন কাওয়েল।
এ বিষয়ে এক সূত্র জানিয়েছে, সাইমন সবসময় বিশ্বাস করেন ‘গট ট্যালেন্ট’ অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো স্থানে নির্মাণের উপযোগী। কারণ সব জায়গার মানুষের মধ্যে প্রতিভা রয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, আফগানিস্তানে যদিও এখন যুদ্ধ-বিগ্রহ চলছে, কিন্তু এরপরও মানুষ ওখানে সাধারণ জীবনযাপন করছে এবং তারাও টিভি দেখতে পছন্দ করে। অনুষ্ঠানটির জন্য নির্দিষ্ট নিয়মাবলী তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানটিতে সৈন্যবাহিনীর লোকজনেরও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে, আফগানিস্তান হবে ৫৮তম দেশ যেখানে ‘গট ট্যালেন্ট’ অনুষ্ঠানটি নির্মাণ করা হবে। এর আগে আমেরিকা-ব্রিটেন, ব্রাজিল, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ভারতের মতো অনেক দেশে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানটির বিচারকের আসনের জন্য বর্তমানে কয়েকজন তারকার কথা ভাবছেন সাইমন, তবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি।
