ব্র্যাড-এর চমক
হলিউডি অভিনেতা ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমার প্রচারে অবলম্বন করেছেন এক অভিনব কৌশল। আর তা হল, সিনেমা হলে প্রবেশ করে ভক্তদের চমকে দেওয়া। সম্প্রতি আমেরিকার থিয়েটারগুলোতে তার নতুন সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ চলার সময় কোনো ঘোষণা ছাড়াই প্রবেশ করে সিনেমা দেখতে আসা ভক্তদের চমক দিচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, পিট তার সিনেমাটির প্রচারণার জন্য ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছিলেন কিন্তু নিজের দেশের দর্শকরা সিনেমাটি কেমন উপভোগ করছেন তা দেখার জন্যই এমনটি করেন তিনি।
ভক্তদের সারপ্রাইজ দিতে এসে পিট বলেন, “আমি ঘুরে বেড়াচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তবে ঘরে ফেরার মজাই আলাদা।”
পিট আরও বলেন,“সবার সমর্থনের জন্য ধন্যবাদ। ওয়ার্ল্ড ওয়ার জি একটি বিশাল ব্যানারের সিনেমা, এমন আপনারা আগে কখনও দেখেননি। এই গরমের মৌসুমে সিনেমাটি হবে আপনার দেখা সবচেয়ে চমৎকার সিনেমা। আর যদি তা না হয়, তবে মূল্য ফেরত।”
শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, জর্জিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের থিয়েটারে হানা দিয়ে ভক্তদের চমকে দেন পিট। এই চমকের তালিকায় আরও ছিল অস্টিন এবং টেক্সাসের থিয়েটার।
