২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক ‘গোপনে’

তরুণ নাট্যনির্মাতা ওয়াহিদ আনামের ধারাবাহিক নাটক ‘গোপনে’র সম্প্রচার শুরু হচ্ছে ১০ জুন থেকে আরটিভিতে। ৮ জুন সন্ধ্যায় আরটিভি কার্যালয়ে এর উদ্বোধনী প্রদর্শনীতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 09:09 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

নাটকটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম। অভিনয় করেছেন ড. ইনামুল হক, আল মনসুর, শর্মিলী আহমেদ, তৌকির আহমেদ,  মনিরা ইউসুফ মেমী, রোমানা খান, ইলোরা গহর, জেনী, ভাবনা, দ্বিপান্বিতা, অশোক ব্যাপারী, সাব্বীর, জয়নাল, সৌরভ প্রমুখ।

আরটিভির অনুষ্ঠান ব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক মুনির ইকবাল হামিদ, ডেপুটি হেড অফ প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব, পরিচালক ওয়াহিদ আনাম, অভিনেতা ড. ইনামুল হক, অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রমুখ।

অভিনেতারা তাদের বক্তব্যে বলেন, “বছরখানেক আগে এর শুটিং করেছি। দীর্ঘসময় পর নাটকটির সম্প্রচার হচ্ছে জেনে আমরা আনন্দিত। এর গল্প এগিয়েছে মধ্যবিত্ত শ্রেণির কয়েকটি পরিবারকে কেন্দ্র করে।”

এদিকে ওয়াহিদ বলেন, “বছরখানেক আগে আমরা নাটকটির শুটিং শুরু করি। এরপরে বিভিন্ন কারণে এবং চ্যানেল নিশ্চিত না হওয়ায় কাজটি আর এগোয়নি। এ বছর আরটিভিতে নাটকটি সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করার পরে আমরা আরো কিছু শুটিং করেছি। এখন পর্যন্ত নাটটির ২৬ পর্বের শুটিং হয়েছে। দর্শক প্রতিক্রিয়া জানার পরে আমরা নাটকটির অন্য পর্বগুলোর শুটিং করব।”

ধারাবাহিকটি এখন থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮ টা ১০ মিনিটে প্রচারিত হবে।