২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশনে তারুণ্য

ফ্যাশন বদলায়। সময়ের সাথে তাল রেখে পোশাকে আসে পরিবর্তন। বদলে যেতে থাকে চুল কাটার ধরন। মেকাপ এর আদ্যপ্রান্ত। কালের সাথে তাল মিলিয়ে ফ্যাশনের এই বিবর্তন, সুপরিবর্তন আর সত্যায়নের ফলে আদি থেকে আমরা এখন আধুনিক। তবে সৃজনশীল প্রকাশে কালের নিয়মে পৃথিবী প্রতিদিনই সময়োত্তীর্ণ চিরসবুজ। প্রত্যেক সময়েই ফ্যাশন ধরন রূপান্তরিত হয় তাররুণ্যের ধ্যান-ধারণা ও আবেদনের ওপর নির্ভর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মরিময়ম মনি, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 02:52 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

তারুণ্যের ফ্যাশনের মূলনীতি হচ্ছে সংযোজন ও বিয়োজন। ফ্যাশনে নতুনত্ব আনার লক্ষ্যে প্রতিনিয়ত ফ্যাশন ডিজাইনাররা পরিশ্রম করে যাচ্ছেন। বদলাচ্ছে আমাদের ফ্যাশন বিষয়ক চিন্তা চেতনা। বর্তমানে ফ্যাশনে বাংলার ঐতিহ্যের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন আঙ্গিক। এদেশের পোশাক এখন দেশজ ও আন্তর্জাতিক উপকরণ আর নকশার মিশ্রণে পরিবেশিত হচ্ছে। বিভিন্ন বুটিক হাউস ও বুটিক ধর্মী প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন ধারার পোশাক তৈরিতে গুরুত্ব দিয়ে যাচ্ছে। আর এসবের আসল লক্ষ্য হচ্ছে তরুণরা। কারণ নতুন কিছুর প্রতি প্রথমেই আকৃষ্ট হয় তারা।

ফ্যাশনের এই পরিবর্তন প্রসঙ্গে ‘চরকা’ ফ্যাশন হাউসের কর্ণধার জাভেদ কামাল বলেন, “ফ্যাশনের পরিবর্তনের ধারাটা বজায় রেখেছে মূলত তরুণরাই। এখন ছেলে-মেয়েরা একটু পশ্চিমা ফ্যাশনের প্রতি বেশি আকৃষ্ট। দেশীয় পোশাকের ক্ষেত্রে শর্ট বা খাটো এবং ফিটিং ধরনের পোশাক পরতে বেশি পছন্দ করেন। ছেলেরা শর্ট পাঞ্জাবির চেয়ে একটু ছোট এবং ফতুয়ার চেয়ে একটু বড় ধরনের পাঞ্জাবির সাথে আলিগরী কিংবা ঢিলেঢালা কাবলী এ দুই ধরনের সালোয়ারের ব্যবহার করেন। ইদানীং স্কার্ফের ব্যবহারও লক্ষণীয়।”

আমাদের ফ্যাশন ভাবনায় এখন যুক্ত হয়েছে নানান উপাদান। ছেলে মেয়ে উভয়ের ফ্যাশনেই এসেছে নিত্য নতুন চিন্তার ছোঁয়া। ‘কে ক্রাফট’র কর্ণধার খালেদ জানান, “ছেলেদের ক্ষেত্রে আমাদের দেশে গত কয়েক বছর যাবৎ ফতুয়া এবং টি শার্টের মতো পোশাকগুলোর জনপ্রিয়তা বেড়েছে। তারুণ্যের এই ফ্যাশন সচেতনতার কারণেই খানিকটা ট্রেন্ডি লুক এসেছে প্রচলিত স্টাইলের শার্ট প্যান্টে।”

নব্বইয়ের মাঝামাঝি সময় মূলত পাঞ্জাবিতে পরিবর্তনের হাওয়া লাগে। বিভিন্ন ফ্যাশন হাউসের সাথে কথা বলে জানা যায় এর প্রধান কারণ হচ্ছে সেই সময় থেকেই বুটিক হাউসগুলোর উত্থান শুরু। এরপর এর আকার, ধরন, কাটিং, রং সবকিছুতেই পরিবর্তন আসে। এক সময় সাদা কিংবা অফ হোয়াইট ছাড়া কোন পাঞ্জাবি চোখে পড়তো না। অথচ এখন এমন কোন রং নেই যা পাঞ্জাবিতে ব্যবহার হচ্ছে না। সেই সাথে বাড়তি অনুসঙ্গ হিসেবে বুকে, হাতে, গলায়, নানারকম মেটাল, বোতাম, চুমকি, ব্লক স্ক্রিন প্রিন্ট দিয়ে করা নকশা পাঞ্জাবির ধাঁচটাকেই করে দিয়েছে আলাদা। হাঁটু পর্যন্ত লম্বা শর্ট পাঞ্জাবি চলে এসেছে পাঞ্জাবির ফ্যাশনে।

রঙ এর কর্ণধার বিপ্লব সাহা বলেন, “পোশাক হিসেবে পাঞ্জাবি এর পূর্বের স্বাতন্ত্র্য হারালেও জনপ্রিয়তা ধরে রেখেছে বর্তমানের ফ্যাশনের সাথে তাল মিলিয়ে এর কাটিংয়ের ভিন্নতার জন্য।” ছেলেদের পাঞ্জাবিতে অবশ্য নতুন শব্দ যোগ হয়েছে। তা হলো শর্ট, একটু চাপা একছাঁটা। এসব পাঞ্জাবির সঙ্গে ধুতি সালোয়ার বেশ মানানসই।

শার্টের পরিবর্তনটাও ইদানীং বেশ লক্ষণীয়। ‘শার্ট গ্যালরি’র রায়হান মিলন জানান- “আগের বড় ঢিলেঢালা ফরমাল শার্টের পরিবর্তে এখন জায়গা করে নিয়েছে শর্ট শার্ট।” জিন্সের ডিজাইন ও রঙে এসেছে অনেক পরিবর্তন। জিন্স অনেক আগে থেকেই ব্যবহৃত হলেও তার ডিজাইন ও রঙে ছিল অনেক সীমবদ্ধতা। এখন তারুণ্যের প্রতীক হচ্ছে জিন্স। ছেলেরা ফতুয়া, গেঞ্জি, টি-শার্ট, শর্ট-শার্ট, পাঞ্জাবির সঙ্গে যেমন জিন্স চড়াচ্ছে পায়ে, তেমনি মেয়েদের টপস, ফতুয়া, কামিজ ও শর্ট কামিজের সঙ্গেও জিন্স খুব চলছে।

এক সময়ের জনপ্রিয় বেলবটম মাঝে ঘুরে এসেছিল তরুণীদের পরনে। মেয়েদের কামিজেও এসেছে আমুল পরিবর্তন। পায়ের গোড়া ছুঁই ছুঁই কামিজের পরিবর্তে এখন হাটু পর্যন্ত খাটো কামিজেই বেশি আরাম বোধ করেন মেয়েরা। বিভিন্ন ফ্যাশন হাউস ও শপিংমলগুলোতে তাই এখন এ ধরনের কামিজের সংগ্রহও অনেক বেশি। ফুলহাতা, ছোট হাতা কিংবা বা হাতা ছাড়া শর্ট কামিজের পাশাপাশি তরুণীরা এখন ফতুয়াতেও অনেক স্বাচ্ছন্দ্য পান।

অবশ্য গত বছরের স্ট্রেইট বা সোজা ও লম্বা আকৃতির কাটিংয়ে নিচে ঝোলা হালকা গোল ঘেরের পোশাকের ফ্যাশনও এখনও চলছে। পাশাপাশি এসব পোশাকের নকশায় কিছুটা পরিবর্তন এনে আনারকলি, মাজাককালি, সুহানা, অক্টোপাসসহ নানা নামে ব্যবহার হচ্ছে। মাঝে সালোয়ারের ডিজাইনে ভিন্নতা আনা হলেও ওড়নার নকশাতেও বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

ছবি সৌজন্যে: কে ক্র্যাফট, নগরদোলা, ইয়লো, লা রিভ ও রঙ