ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন' স্লোগানে আগামী ২৪ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
উৎসবে বাংলাদেশসহ ৪০টি দেশের ১৫৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে উৎসব কমিটির পরিচালক চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ জানুয়ারি বিকেল ৪টায় কেন্দ্রীয় গণ গ্রন্থাগারে। উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ।
উৎসবে সারাদেশ থেকে মোট ১০৩ জন শিশু প্রতিনিধি অংশ নেবে। এই প্রতিনিধিদের মধ্যে ৮ জন সুবিধাবঞ্চিত শিশুও রয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনীগুলো ব্রিটিশ কাউন্সিল, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র, ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়াঁস ফ্রঁসেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইসরাইলী নির্বিচার হামলার শিকার শিশুদের নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র 'লিটল পিস অব মাইন' এর বিশেষ প্রদর্শনী হবে ২৯ জানুয়ারি বিকেল ৫টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। এছাড়া একই স্থানে শিশুদের চলচ্চিত্রের ওপর সেমিনারও হবে।
উৎসবে ৫ সদস্যের একটি জুরি বোর্ড ৫টি শ্রেষ্ঠ ছবি নির্বাচন করবে। বাংলাদেশ থেকে মোট ৩৫টি ছবি যার মধ্যে শিশুদের নির্মিত ১৫টি চলচ্চিত্র এই প্রতিযোগিতায় অংশ নেবে।
সংবাদ ব্রিফিংয়ে এ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটির চেয়ারম্যান মুস্তফা মনোয়ার, প্রেসিডেন্ট অধ্যাপক ড. জাফর ইকবাল, ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয়, ইয়াসমিন হক, উৎসব কমিটির শেখ সাজিদ, মনিরা মোর্শেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/১৭১২ঘ.
bdnews24