সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইংরেজি ভাষার আদিকাল থেকে প্রায় ষোল হাজার শব্দে হাইফেন ব্যবহৃত হয়ে আসলেও এই ইন্টারনেটের যুগে তা আর থাকছে না। শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির নতুন সংস্করণে এই ষোল হাজার শব্দ থেকে হাইফেন উঠিয়ে দেয়া হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
হাইফেনযুক্ত শব্দগুলো কথ্য ভাষা থেকে শুরু করে বইয়ের লেখা, ইমেইল, ওয়েবসাইট, পত্রিকাসহ সব জায়গায় ছড়িয়ে আছে। এ বিষয়ে তাই শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ষোড়শ সংস্করণের সম্পাদক এঙ্গাস স্টিভেনসন বলেন, "আমরা এই হাইফেনগুলো ব্যবহার করলেও জানিনা এগুলো কেন দরকারি, শব্দের মধ্যে এর ব্যবহার নিয়েও মানুষজন মাঝে মাঝে অস্বস্তি বোধ করে।"
এছাড়াও শৈল্পিক দৃষ্টিকোন থেকে দেখলে দুটি শব্দের মধ্যে হাইফেনসহ ফাঁকা জায়গা দেখতে ভালো লাগে না, এটি শব্দের সৈান্দর্য্যহানি করে। এ বিষয়ে স্টিভেনসন বলেন, "হাইফেনকে আমারা সৈান্দর্য্যবর্ধক মনে করিনা, বরং এটি বড্ড সেকেলে। এক পাঠক জরিপেও দেখা গেছে, মুদ্রনশৈলীতে হাইফেন একেবারেই অপ্রাসঙ্গিক, একই কথা ইন্টারনেটের ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য।"
তিনি আরো জানান, "এই কাজের জন্য আমরা কয়েকজন দক্ষ ভাষাবিজ্ঞানীকে নিয়োগ করেছিলাম। তারা এই গবেষণায় দুই হাজারেরও বেশি পত্রিকা, বই, ওয়েবসাইট, ব্লগ প্রভৃতির প্রতিটি বাক্য খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেন। এতে করে তাদের দুই বিলিয়নেরও বেশি শব্দ পড়তে হয়েছে।"
হাইফেন উঠে যাওয়ায় কিছু যৈাগিক বিশেষ্য একটি শব্দে পরিণত হয়েছে। যেমন লোলাইফ, পিজিয়নহোল, টাচলাইন ইত্যাদি।
আবার ভেঙ্গে দুটি শব্দ হয়ে যাবার উদাহরনও আছে, যেমন টেস্ট টিউব, আইস ক্রিম, ওয়াটার বেড প্রভৃতি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/১৭৪৫ ঘ.
bdnews24