সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অবশেষে মীরা দেব বর্মন সংবর্ধিত হলেন। এই ঘটনাটা তার নিঃসঙ্গ জীবনে এক ধরনের প্রাপ্তিই বলতে হবে। কারন ভারতের কিংবদন্তিতুল্য গীতিকার ও সুরকার শচীন দেব বর্মনের স্ত্রী মীরা দীর্ঘদিন ধরে একটি বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন। ভারতের ত্রিপুরা রাজ্য সরকার কর্তৃক সংবধর্নার জন্য তাকে মুম্বাইয়ে তার প্রয়াত ছেলে আর ডি বর্মনের বাসায় আনা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মুম্বাইয়ে শনিবার ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনিল সরকার মীরাকে সংবর্ধনা দেন। এই অনূষ্ঠানে তার হাতে এক লাখ টাকার চেক ও আরো কিছু উপহার তুলে দেন মন্ত্রী। মীরা দেব বর্মন এক সময় ভারতের প্রখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী ছিলেন।
এই অনুষ্ঠানে আরো অনেকের মধ্যে মীরার পুত্রবধু প্রখ্যাত সংঙ্গীত শিল্পী আশা ভোসলে উপস্থিত ছিলেন। আশা ভোসলেই মীরাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলেন বলে জানা গেছে। অশীতিপর বৃদ্ধা মীরা অনেকদিন ধরে শাররীক অসুস্থতায় শয্যাশায়ী। তিনি কথা বলতে পারেন না।
এই অনুষ্ঠানের জন্য মীরাকে কয়েকদিনের জন্য মুম্বাইয়ে ছেলের বাসায় আনা হলেও বোঝা যাচ্ছে না তিনি আসলে কোথায় থাকবেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/০০০৫ ঘ.
bdnews24