সেপ্টেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'রাম গোপাল ভার্মা কি আগ' ছবিটি নিয়ে অনেক মাতামাতি হয়েছে। কিন্তু মুক্তির পর ছবি হিট তো করেই নি। বরং লোকসানের পরিমান কতোটা কমানো যায় সে চিন্তাতেই ব্যস্ত পরিবেশকরা। বিশ্লেষকদের অনুমান, ২২ কোটি রুপিতে কেনা ছবিটির জন্য কমপক্ষে ১৬ কোটি রুপি লোকসান দেবেন পরিবেশকরা। দর্শকের অভাবে অনেক হল মালিক দ্রুতই ছবিটি নামিয়ে নেবার কথা ভাবছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বিশ্লেষকরা বলছেন, " ১৬ কোটি রুপিতে ছবির সর্বভারতীয় পরিবেশনার স্বত্ত্ব কিনে নিয়েছিলেন ভারতভাই শাহ। তার কমপক্ষে ৫ কোটি রুপি লোকসান হবে। কপাল ভালো যে তিনি বিভিন্ন প্রদেশের কিছু পরিবেশকের কাছে পরিবেশনার স্বত্ত্ব বিক্রি করেছিলেন। সে কারণে প্রায় সাড়ে ৭ কোটি রুপি এরই মধ্যে পেয়ে গেছেন তিনি।"
বিশিষ্ট পরিচালক রামগোপাল ভার্মার এই ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম শোতে প্রেক্ষাগৃহে ৩৫ শতাংশ দর্শক টেনেছিল। কিন্তু তৃতীয় শোর শেষে এসে দর্শক সংখ্যা বিশ শতাংশে নেমে আসে। উত্তর প্রদেশে ছবিটি কিছুটা ভাল ব্যবসা করেছে বলে জানা গেছে। কিন্তু রামুর নিজ এলাকা হায়দ্রাবাদে ছবিটি দারুন ভাবে ফ্লপ করেছে। রামুর আরেকটি শক্ত ঘাঁটি মুম্বাইয়েও ছবিটির পরিবেশক ভারত শাহ্ প্রায় চার কোটি রুপি লোকসান দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এক প্রদর্শনী শেষে একজন পরিবেশক জানান, "৪৫০ জন দর্শক ধারনক্ষমতাসম্পন্ন একটি সিনেমা হলে মাত্র ২৫ থেকে ৩০ জন দর্শক উপস্থিত ছিল। যাদের মধ্যে ১০ জনই ছবির বিরতির সময় হল ত্যাগ করেন।"
নিজামে মুক্তির প্রথম দিনেই 'আগ' ছবিটি প্রথম দুটি শো মিস করেছে। সময় মত ছবিটির প্রিন্ট প্রেক্ষাগৃহে না পৌঁছায় প্রথম দুটি শো বাতিল করতে হয়েছে বলে জানান একজন পরিবেশক। উত্তর প্রদেশ ও দিল্লীতে ছবিটির পরিবেশক পন্টি চাধা, ৩ কোটি রুপিতে ছবিটির স্বত্ব কিনেছেন তিনি। উত্তর প্রদেশে ছবিটি ভাল ব্যবসা করায় ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে পারবেন তিনি। কিন্তু তারপরও কমপক্ষে দু কোটি রুপি লোকসান হবে তার বলে মনে করেন বাজার বিশ্লেষক আমোদ মেহেরা।
মুক্তা ফিল্মস্ এর সঞ্জয় ঘায় বলেন, "রাম গোপাল ভার্মা কি আগ' ছবিটি প্রায় সব অঞ্চলে ফ্লপ করেছে। প্রত্যেক পরিবেশক কমপক্ষে ৫০ শতাংশ লোকসান গুনবেন এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে খুব শিঘ্রই সমস্ত প্রেক্ষাগৃহ থেকে ছবিটি তুলে নেওয়া হবে।"
মধ্য প্রদেশেও ছবিটি ভাল ব্যবসা করছে না। সেখানের এক পরিবেশক ছবির পরিবেশনা স্বত্ত্ব কিনেছেন ৭০ লাখ রুপিতে। হাল দেখে মনে হচ্ছে ছবিটির পরিবেশক কমপক্ষে ৩০ লাখ রুপি লোকসান গুনবেন। আগামী সপ্তাহ পর্যন্ত সেখানে ছবিটি চলবে কীনা সন্দেহ। আসাম এবং উড়িষ্যায় ৮ লাখ রুপিতে ছবিটি বিক্রি করা হয়েছে। কিন্তু এখানেও বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া যাবে বলে মনে হয় না। বিহারে ৩৫ লাখ রুপি লোকসানের আশঙ্কা রয়েছে। সেখানে পরিবেশক এটি কিনেছিলেন ৬০ লাখ রুপিতে। এমনকি পশ্চিমবঙ্গের পরিবেশকরাও লোকসান দেবেন ৪০ লক্ষ রুপি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮০৫ ঘ
bdnews24