রাজশাহী, অক্টোবর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) - বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রাবণের সঙ্গে যুদ্ধে জয়ী হতে শক্তি সঞ্চয়ের জন্য রামচন্দ্র শরৎকালে দুর্গাদেবীর পূজা করেছিলেন। সেটি ছিল দুর্গার অকাল বোধন। এটি পুরাণের কথা। তবে পন্ডিতরা মনে করেন, এই অঞ্চলে দুর্গোৎসব প্রথম শুরু হয় রাজশাহীর তাহেরপুরে।
১৪৮০ খৃস্টাব্দে (বাংলা ৮৮৭ বঙ্গাব্দের আশ্বিন মাসে) অসুরের কোনো অশুভ প্রভাব যেন না পড়ে সে জন্য দুর্গাদেবীর আনুষ্ঠানিক এবং প্রথম পুজার আয়োজন করেছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের রাজা কংস নারায়ণ রায় বাহাদুর। ফোকলোর গবেষকদের ধারণা, সেই থেকে এই উপমহাদেশে সার্বজনীন শারদীয় উৎসবের ব্যাপক প্রচলন শুরু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন চৌধুরী বলেন, "বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে দুর্গাদেবী অবির্ভূত হয়েছেন। তবে দুর্গা দেবীর আনুষ্ঠানিক পূজা বাংলাদেশের তাহেরপুরেই প্রথম শুরু। আগে দুর্গার অর্চনা করা হতো পারিবারিকভাবে। সার্বজনীন শারদীয় উৎসব তাহেরপুরের রাজা-জমিদারাই শুরু করেছিলেন।"
একই বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী বলেন, "এদেশে পারিবারিক বা গোষ্ঠীভিত্তিক দুর্গাপুজার প্রচলন আদীবাসীরাই করে। তবে অনুষ্ঠানিকভাবে তাহেরপুরের রাজারাই প্রথম শারদীয় উৎসব হিসেবে পালন করেছে।"
সম্রাট আকবরের শাসনামলে বার ভুঁইয়ার এক ভুঁইয়া ছিলেন রাজা কংস নারায়ণ। তার আয়োজনে ১৪৮০ খৃষ্টাব্দের (৮৮৭ বঙ্গাব্দে) বাংলা আশ্বিন মাসে মহাষষ্ঠি তিথিতে দেবীর বোধন হয় রাজ প্রাসাদের আঙ্গিনায় (বর্তমানে তাহেরপুর কলেজ মাঠ)। পূজামণ্ডপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেই সময় থেকেই। তাহেরপুরে এর আগেও দুর্গা পূজা হতো, তবে তা হতো পারিবারিকভাবে।
প্রথমবারের পূজার আনুষ্ঠানিকতা ছিল বিপুল। সোয়া ৫০০ বছর আগের ওই উৎসবে খরচ হয়েছিল ৯ লাখ টাকা। দুর্গাদেবীর প্রতিমা গড়েছিলেন ওই পূজার পুরোহিত রাজ পণ্ডিত রমেশ শাস্ত্রী। উৎসব চলেছিল একমাস ধরে। এরপর থেকে রাজ পরিবার প্রতি বছর আশ্বিন মাসে এ পূজার আয়োজন করতে শুরু করে। পুরো এলাকার হিন্দু স
bdnews24