২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রশিবির কক্সবাজার কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা পণ্ড করে দিয়েছে

ইসলামী ছাত্রশিবির কক্সবাজার কলেজের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা ‘কক্সবাজার কলেজ দিবস ২০০৫’ এর অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

কক্সবাজার কলেজ মাঠে রোববার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৯৬২ সালে জেলায় প্রথম কলেজ হিসেবে প্রতিষ্ঠার পর এই প্রথম প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালায় সাংস্কৃতিক পর্ব শুরু হলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানে হানা দেয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়। প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যস্থতায় শিবিরের নেতাকর্মীদের বুঝিয়ে আবার অনুষ্ঠান শুরু করা হয়।

বিকাল তিনটায় শিবির কর্মীরা আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। উল্লেখ্য প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামায়াত ও শিবিরের সাথে জড়িত থাকলেও বর্তমান শিবির কর্মীরা তাদের অনুরোধে কান দেয়নি। এক পর্যায়ে প্রাক্তন শিক্ষক ও শিক্ষর্থীরা উত্তেজিত হয়ে ওঠে এবং বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম বলেন, ছাত্রশিবিরের এ আচরণ কক্সবাজার কলেজের ভবিষ্যৎ কর্মকাণ্ড যে বাধাগ্রস্থ করবে তা যদি তারা না বুঝে আমাদের কী করার আছে।

এদিকে অনুষ্ঠান পণ্ড হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ছাত্রশিবির জেলা সভাপতি শফিউল আলম খোন্দকার বলেন, আমাদের সাথে আগেই কথা হয়েছিল স্থানীয় কিছু শিল্পী অনুষ্ঠানে গান গাইবেন। তবে কোনও নাচানাচি হবে না। কিন্তু অনুষ্ঠানে মহিলা শিল্পী দিয়ে নাচানাচি করায় সাধারণ ছাত্রছাত্রীরা এ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

অপরদিকে বিকাল তিনটায় কক্সবাজার কলেজ এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়ে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগে যোগাযোগ করা হলে তারা ওই সময় কোনও বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং হয়নি বলে জানায়।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ কক্সবাজারে মিছিল করেছে।