প্রায় ১০ লাখ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘ দিন রাজত্ব করার পর এখন মুকুট ধরে রাখতে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে নেটফ্লিক্স।
বুধবার বিবিসি জানিয়েছে, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার বা গ্রাহক বের হয়ে গেছেন। একইসঙ্গে নেটফ্লিক্সের গ্রাহক হারানোর গতিও বেড়েছে।
তবে গ্রাহক হারানোর এই সংখ্যাটি তাদের আশঙ্কার চেয়ে কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাবস্ক্রিপশন আরও বেশি না কমার কারণ জানতে চাইলে নেটফ্লিক্সের প্রধান নির্বাহী রিড হাস্টিংস বলেন, “যদি শুধু একটি কারণ উল্লেখ করতে বলেন, আমরা হয়ত বলব ‘স্ট্রেনজার থিংস’।”
এই ড্রামা সিরিজের নতুন সিজনটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, এবং হয়ত নেটফ্লিক্সের গ্রাহকদের চলে যাওয়া ঠেকাতে সহায়ক ভূমিকা রেখেছে।
গত এপ্রিলে ২০১১ সালের পর প্রথম গ্রাহক কমার খবর জানায় নেটফ্লিক্স। এর জেরে কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন হয় এবং কয়েকশ কর্মী চাকরি হারান।
বিবিসি জানায়, প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো এরইমধ্যে নেটফ্লিক্সের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে এবং নেটফ্লিক্সের দাম বাড়ানোর সিদ্ধান্তও গ্রাহক কমার অন্যতম কারণ হিসেবে ভূমিকা রেখেছে।
মঙ্গলবার নেটফ্লিক্স তাদের সাবস্ক্রাইবার হারানোর প্রতিবেদন প্রকাশ করে যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। এপ্রিল-জুলাই প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় সবচেয়ে বেশি গ্রাহক এই প্ল্যাটফরম ছেড়ে গেছে। এরপরের অবস্থানেই রয়েছে ইউরোপ।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যামপেরে অ্যানালাইসিসের পরিচালক গাই বাইসন বলেন, তাদের হাত থেকে বাজারের নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করবে - এমন ঘটনার মুখোমুখি হওয়ার নেটফ্লিক্সের জন্য অবশ্যম্ভাবী ছিল।
তিনি বলেন, “যখন আপনি বাজারের নেতৃত্বে, তখন এটাই একমাত্র পথ যেদিকে আপনি যেতে পারেন, বিশেষ করে যখন অনেকগুলো প্রতিদ্বন্দ্বী বাজারে চলে আসে। গত দুই বছরে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে নেটফ্লিক্স।”
বছরের পর বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখে আসা নেটফ্লিক্সের জন্য এটা একটি বড় পরিবর্তন। বিশেষ করে, তারাই যখন বিশ্বজুড়ে মানুষের বিনোদন উপভোগের জায়গায় একটি বড় পরিবর্তনের সূচনাকারী ছিল।
২০২০ সালে মহামারী শুরুর পর বিশ্বজুড়ে একটি বিশাল বিনোদন সেবা প্ল্যাটফর্ম হিসেবে নিজের আসন পাকাপোক্ত করে নেটফ্লিক্স। যেহেতু মানুষ তখন ঘরে আটকা পড়ে ছিলো এবং তাদের কাছে বিনোদনের বিকল্প উৎস খুব বেশি ছিল না। ওই সময় স্কুইড গেমস ও দ্য ক্রাউনের মতো সিরিজগুলো ব্যাপক সাফল্য পায়।
তবে মহামারী-পূর্ব পরিবেশ ফিরে আসতে শুরু করার পর নতুন গ্রাহক আকর্ষণে এবং বিদ্যমান গ্রাহকদের আনুগত্য ধরে রাখতে নেটফ্লিক্সকে কষ্ট করতে হচ্ছে, যেহেতু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং লোকজন কৃচ্ছতা সাধনে বাধ্য হচ্ছে।
একইসঙ্গে অ্যাপল টিভি, এইচবিও ম্যাক্স, অ্যামাজন প্রাইম ও ডিজনি প্লাস কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে চলে এসেছে। এক সময় বাজারে ঝড় তোলা নেটফ্লিক্স, ভিডিও ক্যাসেট ভাড়ার ব্যবসা বন্ধের অন্যতম কারণ হয়েছিলো, ব্লকবাস্টারের মতো দোকান বন্ধের কারণ হয়েছিল। অথচ এই ঝড় তোলা কোম্পানিটিই দ্রুত ঝড়ের মুখে পড়ছে।
